অনলাইন সম্পর্ক টিকছে না!

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সঙ্গী খুঁজছেন? ছেলে বা মেয়ে যে ধরনের সঙ্গীর তালাশেই থাকুন না কেন; গবেষকেরা বলছেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অনলাইনে গড়া সম্পর্ক দ্রুত ভেঙে যেতে পারে। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি নিয়ে নতুন একটি গবেষণা করেছেন। গবেষকেরা জানিয়েছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার হার সরাসরি সাক্ষাতে খুঁজে নেওয়া সঙ্গীর চেয়ে অনলাইনে জানাশোনা এমন দম্পতির ক্ষেত্রে বেশি। বিবাহিত বা প্রেম দুই সম্পর্কের বেলাতেই অনলাইনের সম্পর্ক তাড়াতাড়ি ভাঙে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ডেটিং সাইট ও পারস্পরিক যোগাযোগের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো এখন তুমুল জনপ্রিয়। অনলাইনে তাই অনেকেই সম্পর্ক গড়ে তুলছেন এবং এ সম্পর্ককে ভবিষ্যৎ সঙ্গী হিসেবে পাওয়ার জন্য চেষ্টা করছেন। অনলাইন সম্পর্ককে বাস্তবের সঙ্গীর পর্যায়ে আনার হার বাড়ছে এই বিষয়টি নিয়ে এর আগে গবেষণা হয়েছে। কিন্তু অনলাইন বা অফলাইনে দেখা সাক্ষাতের পর বিবাহিত বা অবিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার হার বের করার গবেষণা এটাই প্রথম।
বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বেলজিয়ামের ভারচুয়াল রিয়েলিটি মেডিকেল ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রে ইন্টার-অ্যাকটিভ মিডিয়া ইনস্টিটিউটের গবেষক ব্রেন্ডা কে ওয়েডারহোল্ড।
গবেষণা-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সাইবারসাইকোলজি, বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীতে।
গবেষক ব্রেন্ডা জানিয়েছেন, সম্পর্ক কত দিন টিকবে তা জানাশোনার স্থানের ওপর যতটা নির্ভর করছে তার পাশাপাশি আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করে। সম্পর্ক বেশিদিন টিকিয়ে রাখার ক্ষেত্রে অনলাইনে না অফলাইনে দেখা হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক বিশ্বাস ও অন্তরঙ্গতা।