অনলাইনে অদম্যর চিকিৎসাসেবা

অ্যাজমার চিকিৎসাসেবা দিতে কাজ শুরু করছে অনলাইনভিত্তিক ওয়েব প্ল্যাটফর্ম অদম্য। এর মাধ্যমে অ্যাজমা রোগ ও প্রতিকার সম্পর্কে জানা যাবে।
অদম্য প্ল্যাটফর্মের মডারেটর সানজিদা মুনীর বলেন, ‘শুধু ওষুধ নয়, অ্যাজমা সম্পর্কে সচেতনতা তৈরিতে অনলাইন প্ল্যাটফর্ম অদম্য (http://odommo.com.bd/) কাজ করবে। অ্যাজমা সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে এ সেবা চালু করা হয়েছে। অ্যাজমা রোগ সম্পর্কে সমাজের প্রচলিত ভুল ধারণাগুলোকে আমরা গল্পের আকারে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। যাতে মানুষ রোগটি সম্পর্কে সচেতন হয়। আমরা শুধু শহরে নয়, গ্রামের মানুষদের কাছেও পৌঁছাতে চাই।’
সানজিদা মুনীর বলেন, অ্যাজমা বা হাঁপানি রোধে সচেতনতা জরুরি। এ সমস্যায় কাউন্সেলিং বা পরামর্শ দেবে অদম্য। অদম্য প্ল্যাটফর্মে আরও নানা তথ্য থাকবে। এ ছাড়া একজন অ্যাজমা রোগী তাঁর চিকিৎসার জন্য কতবার ডাক্তার দেখাবেন, বছরে কয়বার অ্যাজমা পরীক্ষা করাবেন, সে বিষয়েও পরামর্শ পাওয়া যাবে সাইটটিতে।
অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী শারীরিক অবস্থা, যা শ্বাসনালির ওপর প্রভাব ফেলে। আমাদের শ্বাসনালি হচ্ছে ছোট ছোট পাইপের মতো, যা ফুসফুসের ভেতরে বায়ু বহন করে এবং আদান-প্রদান করে। কারও অ্যাজমা থাকলে এই নালিগুলোয় উত্তেজনা সৃষ্টি হয়। অ্যাজমা বা হাঁপানিতে ভোগা ব্যক্তির যেসব জিনিসে স্পর্শকাতরতা রয়েছে, সেগুলো কাছে এলেই এখানে প্রক্রিয়া বা প্রদাহ শুরু হয়ে যায়। অ্যাজমা রোগী শুধু ওষুধ সেবন করলেই প্রতিকার পান না, তাঁকে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। অদম্য ডটকমে এ বিষয়ে পরামর্শ থাকবে। বিজ্ঞপ্তি।