অনলাইনে আত্মপরিচয়
বিশ্বায়নের এ যুগে নিজের নাম, দেশ, পরিচয়ের দেয়াল ভেঙে দিয়েছে ইন্টারনেট। নতুন করে মানুষের আত্মপরিচয় গড়ে দিচ্ছে ইন্টারনেট। যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইন-এর। যুক্তরাজ্যের গবেষক স্যার জন বেডিংটনের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অনলাইন গেমের কারণে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। আত্মপরিচয় সম্পর্কে প্রথাগত ধারণা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে আর তৈরি হচ্ছে নতুন আত্মপরিচয়। গবেষক বেডিংটনের ভাষ্য, অনলাইনভিত্তিক মানুষের এই নতুন বৈশিষ্ট্য ইতিবাচক। তবে এতে মানুষ সামাজিকভাবে পরস্পরের কাছ থেকে দূরে চলে যেতে পারে বলেই তাঁর আশঙ্কা। অনলাইনভিত্তিক মানুষের এ ব্যক্তিস্বাতন্ত্র্যতাকে ইতিবাচক ভাবে কাজে লাগানোর পক্ষপাতী তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেই মনে করেন যুক্তরাজ্য সরকারের প্রধান গবেষক।