অনলাইনে আরও বেশি নারীর অংশগ্রহণ জরুরি: শেরিল

অনলাইনে আরও বেশি নারীর অংশগ্রহণ চান ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। নারীদের অনলাইনে অংশ নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করাটাকেই ব্যক্তিগত মিশন হিসেবে নিয়েছেন তিনি।
উন্নয়নশীল দেশের মানুষ, বিশেষ করে ইন্টারনেট সংযোগের আওতায় থাকা নারীদের আরও বেশি অনলাইনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে কাজে নেমে পড়েছেন ফেসবুকের কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। এ লক্ষ্যে ঘানা, জাম্বিয়া, তানজানিয়া, কেনিয়া ও কলাম্বিয়ার মতো দেশে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দিতে কাজ করছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কর্তৃপক্ষ।
উন্নয়নশীল দেশেও এখন ইন্টারনেট ব্যবহারের খরচ অনেক বেশি এ বিষয়টি উল্লেখ করে শেরিল বলেন, ‘কিছু মানুষ কোনোরকম ডেটা খরচ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবে—এটাই সব প্রশ্নের উত্তর নয়।’
ম্যাকেনসি ও ফেসবুকের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখনো ৪০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা নেই। কিন্তু অনলাইনে পুরুষের তুলনায় নারীর সংখ্যা আরও কম।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে স্যান্ডবার্গ বলেন, পুরুষের তুলনায় ২৫ শতাংশের কম নারী অনলাইনে থাকেন। দরিদ্র জাতিগুলোর মধ্যে উন্নয়নের পথে যা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। নারীদের অনলাইনে আনতে পারলে আরও বেশি সুবিধা মিলবে। এটাকে বিনিয়োগ বলা যাবে। কারণ শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বেড়ে তা সন্তানের জন্য কাজে লাগবে।
স্যান্ডবার্গ নারীর ক্ষমতায়নের বিষয়ে উত্সাহদাতা হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন। তিনি দাভোসে বলেছেন, তাঁর প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে আরও বেশি মানুষকে শিক্ষা ও জীবনধারা উন্নয়নের সুযোগ করে দিতে কাজ করছে।
স্যান্ডবার্গের মতে, যদি নারীকে অনলাইনে না আনা যায়, তবে তারা সমাজে অংশগ্রহণ করার সমান সুযোগ পাবে না।
গত বছর ফেসবুকে বিশাল শেয়ার থাকার কারণে সবচেয়ে তরুণ নারী কোটিপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গুগলে চাকরি ছেড়ে ২০০৮ সালে তিনি ফেসবুকে যোগ দেন। নারীদের উৎসাহ দিতে ‘লিন ইন’ নামে একটি বই লিখেছেন শেরিল স্যান্ডবার্গ।