অনলাইনে কেনা যাবে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই পড়তে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা নানা ব্যস্ততার কারণে দোকানে কিংবা মেলায় গিয়ে বই কিনতে পারেন না। বইপ্রেমিকদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ফিউচার সলিউশন ফর বিজনেস (এফএসবি) নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটএক্সপো ২০১১’ মেলায় এই অনলাইন-সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এফএসবির ব্যবস্থাপনা পরিচালক সাদিকা হোসেন সেঁজুতি বলেন, ‘২০০৫ থেকে এ পর্যন্ত গ্রন্থমেলায় প্রকাশিত বিভিন্ন বই ছাড়াও বিভিন্ন লেখকের প্রকাশিত বই কেনা যাবে আমাদের ওয়েবসাইটে।’ অমর একুশে গ্রন্থমেলা ও সফটওয়্যার মেলা উপলক্ষে ইন্টারনেটে এই সাইট চালু করা হয়েছে। অনলাইন থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বই নির্বাচন করে তা কেনার ফরমায়েশ দিতে হবে। এরপর ক্রেডিট কার্ডের গোপন নম্বরটি প্রবেশ করাতে হবে। সেখান থেকে বইয়ের মূল দাম ও তা পাঠানোর টাকা কেটে নেওয়া হবে। এরপর ক্রেতার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে ক্রেতাদের যেমন বই কিনতে কোনো বেগ পোহাতে হবে না, তেমনি প্রিয় লেখকের পছন্দের বই সহজে মিলবে বলে জানালেন সাদেকা হোসেন সেঁজুতি। তবে আপাতত ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন। অনলাইনে বই কেনার এই ওয়েবসাইটটি হলো www.digitalboimela.com। —মোছাব্বের হোসেন