অনলাইনে কেনাকাটার উৎসবে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের প্রথম ই-বাণিজ্য মেলা।অনলাইনে কেনাকাটার উত্সব স্লোগানে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনের এ মেলা ঘিরে ছিল মানুষের আগ্রহ। মেলায় ৮ টি প্যাভিলিয়নে ৪০ স্টলে ৩১ টি প্রতিষ্ঠান অংশ নেয়। আইসিটি সাময়িকী ‘কম্পিউটার জগত’-এর উদ্যোগে আয়োজিত ই-বাণিজ্য মেলার প্লাটিনাম স্পনসর ছিল টেলিটক থ্রিজি ও সেলবাজার এবং গোল্ড স্পনসর ছিল বিকাশ ও এসএসএল কমার্জ।দেশের প্রথম ই-বাণিজ্য মেলা প্রসঙ্গে এর আয়োজকেদের ভাষ্য, মানুষের বাণিজ্য মেলার প্রতি টান থেকেই ই-কমার্স মেলাকে সহজ করে ই-বাণিজ্য মেলা নাম দেয়া হয়। এ মেলায় তরুণ ও শিক্ষিত মানুষের আগ্রহ ছিল বেশি। অনেকেই মেলায় এসে অনলাইনে কেনাকাটা করার বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরেছেন। মেলার আয়োজক কম্পিউটার জগতের পরিচালক এম এ হক অনু প্রথম আলো ডটকমকে বলেন, অনলাইনে কেনাকাটার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এখনও মানুষ ভয় পায়। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর যে বাধা ছিল তা দূর হয়েছে। তাই চলতি বছরকে ই-কমার্স সচেতনতার বছর হিসেবে ই-বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে।ই বাণিজ্য মেলার আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে আরও সচেতনতা আসবে এবং মানুষ জানতে পারবে। প্রথম আয়োজনটি সফল হওয়ার কথাও জানিয়েছেন ই-বাণিজ্য মেলার এ উদ্যোক্তা। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে ই কমার্স মেলা আয়োজন করবেন এ কথাও জানিয়েছেন এম এ হক অনু।মেলার অভিজ্ঞতাশাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে ছুটে এসেছিলেন রাশেদুল ইসলাম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ৮ ফেব্রুয়ারি বিকালে কথা হয় তাঁর সঙ্গে। রাশেদুল জানান, সাধারণত অফিসের ব্যস্ততা আর ট্রাফিক জ্যামের কারণে শাহবাগের দিকে তাঁর আসা হয় না। তবে শাহবাগের আন্দোলনের টানে তিনি ছুটে এসেছেন। তিনি জানতেন না যে, পাশের গণগ্রন্থাগারে ই-বাণিজ্য মেলা চলছে। গণগ্রন্থাগারে ঢোকার পর তিনি মেলায় আসেন। মেলার ধারণাটা তাঁর দারুণ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।ই-বাণিজ্য মেলার আকর্ষণই-বাণিজ্য মেলার একটি স্টলে সাজিয়ে রাখা ছিল আখের গুড়, নারকেল, শুকনা খাবার প্রভৃতি। অনলাইনের পণ্য বেচাকেনার একটি ওয়েবসাইটের স্টল এটি। স্টলে বসা একটি তরুণ তাঁদের সাইটের পরিচয় করিয়ে দিয়ে জানাল, বাংলাদেশে এখন অনেক ওয়েবসাইট হয়েছে যেগুলোর মাধ্যমে ঘরে বসেই কেনাকাটা করা যায়। তাদের তৈরি ওয়েবসাইটটিতে সাজিয়ে রাখা পণ্যগুলোর মত বিভিন্ন গেরস্থালি পণ্য, মাছ-মাংস এমনকি ডিমও কেনাকাটা করা যায়। ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিয়ে অনলাইনে অর্থ পরিশোধ করলেই বাড়িতে পৌঁছে যাবে অর্ডার দেয়া পণ্যটি। মেলা ঘুরে দেখা গেছে, এখানে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানই ঢাকাভিত্তিক। অর্থাত্ এরা কেবল ঢাকাতেই পণ্য বেচাকেনা করছে। একেকটি প্রতিষ্ঠানে ৩০ থেকে ৪০ জন কর্মী কাজ করছেন। তবে ঢাকার বাইরেও শিগগিরই অনলাইন কেনাকাটা করার সুবিধা যুক্ত করার ভাবছে প্রতিষ্ঠানগুলো।পণ্যের মান, অর্থ লেনদেনে স্বচ্ছতার কথাও বলেছেন মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর সব প্রতিনিধিই। তাঁদের দাবি, বাজার কিংবা বিপণিবিতানে না গিয়ে অনলাইন ও টেলিফোনে দরকারি জিনিসের ফরমায়েশ দিলেই হবে। ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ঘরে বসে পণ্য পেয়ে যাবেন। পণ্য পছন্দ না হলে ফেরত দিতে পারবেন।মেলায় অংশ নেয়া একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে তাঁরা বেশ দক্ষ হয়ে উঠেছেন। আর ক্রমেই সচেতন হচ্ছে মানুষ। এতে সময় ও শ্রম দুইই বেঁচে যাচ্ছে। সচেতন মানুষরা আরও বেশি আগ্রহ হচ্ছেন অনলাইন কেনাকাটায়।কেনাকাটাঅনেকেই মনে করতে পারেন অনলাইনে কেনাকাটা মানেই কেবল মুদি পণ্য কেনা। কিন্তু মেলায় অংশ নেওয়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান চোখে পড়েছে যারা নিত্যপ্রয়োজনীয় জিনিস বাদেও মানুষের শখের জিনিসগুলো অনলাইনে বিক্রি করেন। একটি প্রতিষ্ঠানে বিক্রি হয় উপহার, আরেকটি প্রতিষ্ঠানে বিনোদন সামগ্রী আর ইলেকট্রনিক পণ্যও বিক্রি করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।মেলায় কেবল কেনাবেচা করার প্রতিষ্ঠানগুলো অংশ নেয়নি, সেখানে ছিল অনলাইন কেনাকাটা সংক্রান্ত সমস্যা সমাধান, ই-কমার্স ওয়েবসাইট তৈরি, অনলাইনে অর্থ লেনদেন, অনলাইনে আয়ের প্রশিক্ষণ বিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান। বাড়ছে ই-বাণিজ্যদেশের ই-কমার্স দ্রুত বাড়ছে। দেশে এখন ডেবিট-ক্রেডিট কার্ডধারীর সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। মোবাইল ব্যাংকিং-সেবা নিচ্ছেন ৩০ লাখেরও বেশি লোক। এ সংখ্যা খুব দ্রুত বাড়ছে। চলতি বছরের ৫ জানুয়ারি ই-কমার্স সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ই-কমার্স হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে অনলাইনে টোকা দিলেই পণ্য আপনার বাড়িতে পৌঁছে যাবে। বাংলাদেশে ধারণাটি নতুন হলেও এরই মধ্যে তা জনপ্রিয়তা পেয়েছে।’ মেলায় অংশ নেওয়া ওয়েবসাইটগুলোওয়েবশহর ডটকম, আজকের ডিল ডটকম, এখনি ডটকম, যেমনখুশি ডটকম, ঢাকা জেলা প্রশাসন, বিডিবাজার২৪ ডটকম, পিসিরেশিও ডটকম, অঙ্কুর আইটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইসুফিয়ানা, ম্যাকট্রিকস সলিউশনস, ই-টেক কর্ণার লিমিটেড, উপহারবিডি ডটকম, স্টার প্রেজেন্টেশন, বিডিহাট ডটকম, বিবাহবিডি ডটকম, এসএসবিসিএল ফ্যাশন ওয়ার্ল্ড, রিয়েলটি এটুজেড ডটকম, রকমারি ডটকম ও দ্য কোডেরো লিমিটেড। এ ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানা যাবে। অর্থ লেনদেন পদ্ধতিক্রেডিট কার্ডে কেনার প্রক্রিয়াটি খুবই সহজ। এ কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকে একটি কম্পিউটার সার্ভার থাকে এবং যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কেনাবেচা করবে তারা একটি সার্ভার ব্যবস্থাপনা রাখে। বিশেষভাবে তৈরি সফটওয়্যারের মাধ্যমে পুরো কার্যক্রমটি পরিচালনা করা হয়। কোনো ক্রেতা যখন ওয়েবসাইটে ঢুকে পণ্য পছন্দ করবেন এবং এর জন্য অর্থ পরিশোধের জন্য নির্দিষ্ট স্থানে ক্লিক করবেন, তখন নির্দিষ্ট ব্যাংকের সার্ভারে ব্যাংক ক্রেতার হিসাব থেকে অর্থ কেটে নিয়ে বিক্রেতার হিসাবে তা জমা হয় সফটওয়্যারের মাধ্যমে।পরামর্শভোগান্তি থেকে বাঁচতে কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ অর্থাত্ অনলাইনে কেনাকাটা করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দের ওয়েব স্টোর থেকে পণ্য কিনতে ওই ওয়েব স্টোরটির ঠিকানা ব্রাউজারে লিখতে হবে। কার্ডের মাধ্যমে লেনদেন করবেন অর্থ।অনলাইনে কেনাকাটার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা উচিত। প্রতারণা এড়াতে ওয়েবসাইটটি ভুয়া কিনা তার খোঁজ করতে পারেন। কোনো ওয়েবসাইটের লোভনীয় অফার দেখে বিভ্রান্ত হবেন না। পণ্য কেনার সময় ভালোমতো যাচাই-বাছাই করে কিনুন। পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া না থাকলে কিনতে যাবেন না। আর ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থাকলে একই পাসওয়ার্ড বেশিদিন ব্যবহার না করাই ভালো।