অনলাইনে কোরবানির পশু

ঈদুল আজহা এল বলে। কোরবানির পশু কেনার জন্য হাট তো আছেই। তবে কয়েক বছর হলো ইন্টারনেটে ই-কমার্সের ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে কোরবানির পশু। শুধু পশু বিক্রি নয়, আরও নানা সেবাও দিচ্ছে কিছু কিছু ওয়েবসাইট। অনলাইন গরুর হাট নিয়ে এই আয়োজন।
এখনই ডটকম
‘ঘরে বসে কোরবানির গরু কিনুন এখনই’ স্লোগানে কোরবানির গরুর হাট বসেছে ই-কমার্স পোর্টাল এখনই ডটকমে। গতকাল রোববার ওয়েব পোর্টালটিতে ঢুঁ মেরে প্রদর্শনীতে ৫৮টি গরু দেখা যায়। বেশ কিছু বিক্রি হয়ে গেছে। কিছু নতুন যোগ হয়েছে। কোনো গরু পছন্দ হলে কিনে নিতে পারেন। আবার পছন্দের তালিকায় রাখতে পারেন। বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, পেযা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা গরু হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ আছে। ঢাকা শহরে বিনা মূল্যে বাড়িতে গরু পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঠিকানা: www.akhoni.com
কেইমু ডটকম ডটবিডি
কেইমুতেও পাওয়া যাচ্ছে কোরবানির পশু। গরুর পাশাপাশি দু-একটি ছাগল, এমনকি উটও চোখে পড়ে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত এই বিভাগে ৭৪টি পশু দেখা যায়। ঢাকার বাইরে হলে গরু পাঠানোর জন্য খরচ নিজেকেই বহন করতে হবে। সে ক্ষেত্রে মূল্য আগেই পরিশোধ করে দিতে হবে। সে ক্ষেত্রে বিকাশ একমাত্র ভরসা। ঢাকার ভেতরে পশু হাতে পেয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা আছে। ঠিকানা: www.kaymu.com.bd
বিক্রয় ডটকম
বিক্রয় ডটকম ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় ঘটিয়ে দেয়। গরু কিনতে তাদের ওয়েবসাইটে গিয়ে পোষা প্রাণী ও জীবজন্তু বিভাগে ঢুঁ মারলে অনেক গরু দেখতে পারবেন। অবশ্য একই বিভাগে অন্যান্য পোষা প্রাণীও দেখা গেছে। যেটি পছন্দ হয়, সেটিতে ক্লিক করলেই বিক্রেতার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা পেয়ে যাবেন। বিক্রয় ডটকম নির্দিষ্ট ফির বিনিময়ে পশু আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করেছে। ঠিকানা: www.bikroy.com
এখানেই ডটকম
কোরবানির অনলাইন হাট—এখানেই! ওয়েবসাইটে ঢুকলে শুরুতেই চোখে পড়ে এই স্লোগান। বেচাকেনার এই ওয়েবসাইটটিতে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয়। কোনো লেনদেন করা হয় না। তবে অনলাইনে কোরবানির পশুর হাটগুলোর মাঝে অন্যতম বলা যায়। অনেক পশু আছে তাদের তালিকায়। যেটি পছন্দ হয়, সেই পাতায় গিয়ে বিক্রেতার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বাকি কাজ করতে হবে আপনাকেই। ঠিকানা: www.ekhanei.com
বেঙ্গলমিট ডটকম
অন্যান্য অনলাইন পশুর হাটের সঙ্গে বেঙ্গলমিটের পার্থক্য, বেঙ্গলমিট সরাসরি নিজেরা গরু বিক্রি করে। অন্যান্য পোর্টালে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয় মাত্র। বেঙ্গলমিটের গরুগুলো পাবনা থেকে আনা হয়। ৩০০ কেজির নিচে এবং ওপরে—দুই ভাগে গরুগুলো সাজানো আছে। তবে সরাসরি অনলাইনে গরু অর্ডার করার সুযোগ নেই। অনলাইনে গরু পছন্দ করা যাবে। তারপর রাজধানীর উত্তরা, গুলশান, ওয়ারী কিংবা ধানমন্ডির বেঙ্গলমিটের অফিসে গিয়ে মূল্য পরিশোধ করে দিলে গরু জবাই এবং প্রক্রিয়াজাত করে ঈদের তৃতীয় দিনে মাংস বাড়িতে পৌঁছে দেবে। প্রক্রিয়াজাতকরণের জন্য ১৭ হাজার টাকা চার্জ দিতে হবে বেঙ্গলমিটকে।
ঠিকানা: www.bengalmeat.com