অনলাইনে খুঁজুন যে কাউকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারের কল্যাণে নিজের বন্ধুবান্ধব আর পরিববারের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখাটা এখন অনেকটাই সহজ। কিন্তু এমন অনেকই আছেন যাঁদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। হতে পারে সেই ছোটবেলার কোনো বন্ধু অথবা অনেক দিন ধরে খবর নেই এমন কোনো আত্মীয়। আবার এমন কারও সঙ্গে আপনি যোগাযোগ রাখতে চান, যাঁর সঙ্গে আপনার কখনো আলাপচারিতাই হয়নি। যেমন, ব্যবসায়িক যোগাযোগের জন্য এমন কেউ বা কোনো বিখ্যাত ব্যক্তি, তাঁদের যে কারও সঙ্গে যোগাযোগ করাটা একটু কঠিনই, যদি না পরিচিত কারও মাধ্যমে নিজের পরিচয় ঘটে। ব্যক্তিগত গোপনীয়তা মেনে কাউকে খুঁজে বের করার জন্য ইন্টারনেট বা ওয়েবজগৎ হলো কার্যকর একটি উপায়।
ফেসবুক: বিশ্বজুড়ে ১২৩ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। অনলাইনে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে ফেসবুকই হলো এখন সেরা জায়গা। এ ক্ষেত্রে আপনার সাফল্য নির্ভর করছে কয়েকটা বিষয়ের ওপর—তাঁদের নাম কতটা প্রচলিত, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁরা আগ্রহী কি না অথবা তাঁরা ইন্টারনেটই ব্যবহার করেন কি না। ফেসবুক পেজের একেবারে ওপরের দিকে সার্চ বক্সে ব্যক্তির নাম লিখে অনুসন্ধান চালাতে পারেন। সবচেয়ে বেশি মেলে এমন ফলাফল দেখা যাবে। সার্চ ফিল্টার ব্যবহার করে এ ফলাফলের ব্যাপ্তি আরও কমিয়ে আনা যায়। People you may know অপশনের মাধ্যমে বন্ধুবৃত্তটাকে আরও বিস্তৃত করে পরিচিত বা বন্ধুর বন্ধুদের খুঁজে বের করার সুবিধা আছে ফেসবুকে। ফেসবুকের মূল পাতায় বাঁয়ে Find Friends অপশনে ক্লিক করলে সম্ভাব্য পরিচিতদের তালিকা চলে আসবে। Find friends পেজে গিয়ে নামের পাশাপাশি আরও কিছু তথ্য ব্যবহার করে ফলাফলকে ছোট করতে পারেন। আপনি তাঁদের শহরের নাম, অবস্থান, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম, তাঁদের বর্তমান বা অতীতের পেশা উল্লেখ করেও খুঁজতে পারেন। আরেকটি ভালো উপায় হলো, বন্ধুর বন্ধু-তালিকা খুঁজে দেখা। যদি আপনার বন্ধুর প্রাইভেসি সেটিংয়ে অনুমতি দেওয়া থাকে তাহলেই এ তালিকাটা দেখা যাবে। একটা বিষয় ফেসবুকে একেবারে অপরিচিত অর্থাৎ যাঁর সঙ্গে আপনার কোনো ‘মিউচুয়াল ফ্রেন্ড’ নেই এমন কাউটে সরাসরি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ঠিক নয়৷ এ রকম কাউকে রিকোয়েস্ট পাঠালে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করে দিতে পারে৷ তাই রিকোয়েস্ট পাঠানোর আগে তাঁকে মেসেজ পাঠিয়ে দেখতে পারেন৷ (চলবে)