অনলাইনে গাড়ি কেনাবেচায় কারমুডি

দেশে অনলাইনে কেনাবেচা বাড়ছে। ব্যবহৃত জিনিসপত্র কেনাবেচা করতে মানুষ এখন অনলাইনে যাচ্ছেন। যেসব পণ্যের কেনাবেচা অনলাইনে বেশি হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ি। অনলাইনে শুধু গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কারমুডি ডটকম ডটবিডি। এটি ই-কমার্স ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের একটি উদ্যোগ। সম্প্রতি বাংলাদেশে অনলাইনে গাড়ি কেনা-বেচার ক্ষেত্রে আরও উন্নত সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর স্টেফান হাবল্ড।
৫ এপ্রিল রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় বাংলাদেশে ই-কমার্সের সফলতা ও সম্ভাবনা নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে কারমুডি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেফান হাবল্ড, গুগল বাংলাদেশের কনসালট্যান্ট কাজী মনিরুল কবিরসহ সংশ্লিষ্টরা।
স্টেফান হাবল্ড বলেন, এখন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্মে মানুষ এখন পুরোনো গাড়ির বিজ্ঞাপন দেখে শুনে কিনতে পারছে।
বাংলাদেশে ই-কমার্স সাইটের ভবিষ্যত্ সম্পর্কে হাবল্ড জানিয়েছেন, বাংলাদেশ ই-কমার্সের জন্য উন্নয়নশীল বাজার। তাই বিভিন্ন প্রতিষ্ঠান এখানে ই-কমার্সে আগ্রহ দেখাচ্ছেন। গাড়ি কেনা-বেচার প্ল্যাটফর্ম হিসেবেও এখানে ভালো করার সুযোগ রয়েছে। কারমুডি বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ভালো করছে। ক্রেতাদের বিনামূল্যে গাড়ি কেনাবেচার সুযোগ করে দিয়েছে। অনলাইনে গাড়ি কেনা-বেচার ক্ষেত্রে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
কাজী মনিরুল কবির জানিয়েছেন, বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ। বাংলাদেশকে কোনো বাধা আটকে রাখতে পারবে না। এদেশে এখন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রুত ইন্টারনেট ব্যবহার বাড়ছে। দেশের বেশির ভাগ মানুষের বয়স ৩০ এর নীচে। তাঁরা খুব সহজেই তথ্য প্রযুক্তিকে গ্রহণ করতে পারছে। দেশে মোবাইলের ব্যবহার বাড়ছে। এখন দেশ তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগের জন্য আদর্শ হয়ে দাঁড়িয়েছে। ২০১২ সালে ই-কমার্সের বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ ২০১২ সালে এটি দ্বিগুণ হবে। কারমুডির মতো প্ল্যাটফর্ম মানুষ সহজে গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে কারমুডির প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা জ্যাকব ম্যাকগিল বলেন, ব্যবহার-বান্ধব ও গ্রাহক সুবিধার কথা ভেবে কারমুডিকে আরও উন্নত করা হবে। এখানে বাংলা সংস্করণও রয়েছে। শুধু শহর নয় মফস্বলের মানুষের কাছেও আমরা পৌঁছাতে চাই।