অনলাইনে গুগলের গানের দোকান
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল নিজেদের অনলাইন গানের দোকান (মিউজিক স্টোর) চালু করেছে। অ্যাপলের জনপ্রিয় আইটিউনসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতেই গুগলের এ সেবা চালু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০০৩ সালে আইটিউনস চালু হওয়ার পর থেকে অনলাইনে গান কেনার নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়। এ পর্যন্ত আইটিউনস থেকে প্রায় বিলিয়ন বার বিভিন্ন গান নামানো হয়েছে। পাশাপাশি অ্যাপলের স্মার্টফোন ব্যবহারকারীরা আইটিউনস থেকে গান শোনার সুবিধা পাওয়ায় এ সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে। একই সুবিধা যুক্ত করে অ্যান্ড্রয়েড বাজারে প্রথমবারের মতো গান বিক্রির উদ্যোগ নিয়েছে গুগল। এ অনলাইন বাজারে এর আগে বিভিন্ন ধরনের অ্যাপস, সিনেমা ও বই পাওয়া যেত। তবে গান কেনার ক্ষেত্রে ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে। বিনা মূল্যে কিছু গানের পাশাপাশি গান কিনতে খরচ হবে ৬৯ সেন্ট, ৯৯ সেন্ট এবং ১.২৯ ডলার। গান সংগ্রহের ক্ষেত্রে ইতিমধ্যে গুগল সনি করপোরেশন, ইউনিভার্সাল মিউজিকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। আছে বিখ্যাত শিল্পীদের গান। গানগুলো অ্যান্ড্রয়েড বাজারের ব্যবহারকারীদের নির্দিষ্ট অনলাইন লকারে থাকবে, যেখান থেকে মোবাইল ফোনের ব্রাউজার ব্যবহারের মাধ্যমে গান শোনা যাবে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম