অনলাইনে ছবি তোলার প্রতিযোগিতা
পেটপূজারি ওয়েবসাইট (www.petpujari.com) এবং ঢাকার রয়্যাল বাফেট রেস্তোরাঁ খাবারের ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে। এর প্রথম পুরস্কার বিনা মূল্যে বুফে খাবার ও পাঁচ হাজার টাকা। নিজের তোলা ছবি http://bit.ly/18N99x2 ঠিকানার ওয়েবসাইটে জমা দিতে হবে। —বিজ্ঞপ্তি
তরুণদের জন্য মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির প্রতিযোগিতা ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ল্যাবে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন মামুনুর রশিদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান একরামুল হামিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অ্যাপস প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন ইএটিএলের কমিউনিকেশন অ্যান্ড অপারেশন ব্যবস্থাপক তাসলিমুল হক। সেমিনারে বিভাগের শিক্ষক ছাড়াও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আজ সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অ্যাপস নিয়ে একইরকম একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুয়েট অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস তৈরিতে তরুণদের উৎসাহ দিতে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতার কার্যক্রম। এটি নয় মাস ধরে চলবে। প্রতিযোগিতার প্রথম তিনটি পুরস্কার যথাক্রমে ১০, ৫ ও ২ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাপসের ধারণাপত্র জমা দেওয়া যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা ধারণাপত্র জমা দিতে পারবেন।
—রাবি প্রতিনিধি