অনলাইনে জেএসসির ফরম পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের উদ্যোগে অনলাইনে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফরম পূরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে গতকাল বুধবার। বোর্ডের অধীনে এক হাজার ২০০ বিদ্যালয়ের শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘চার ভাগে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। এর মাধ্যমে আমরা ইএফএফ (ইলেকট্রনিক ফরম ফিলাপ) পদ্ধতিতে পরীক্ষার ফরম পূরণ বিষয়ে শিক্ষকদের ধারণা দিয়েছি, যাতে তাঁরা অনলাইনে ফরম পূরণ বিষয়ে নিজ নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সহযোগিতা করতে পারেন।’পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এর আগে ঢাকা বোর্ডে পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে জেএসসির ফরম পূরণ করা হলেও চট্টগ্রাম বোর্ডে এবারই প্রথমবারের মতো অনলাইনে ফরম পূরণ করা হচ্ছে। এর ফলে নির্ভুলভাবে ফরম পূরণ হবে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।বোর্ড সূত্রে জানা যায়, ১২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত জেএসসির ফরম পূরণের সময়সীমা নির্ধারিত রয়েছে। আগামী ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফরম পূরণের ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিটি বিদ্যালয়ের জন্য নির্ধারিত পাসওয়ার্ড বসানোর পর ছাত্রছাত্রীদের তথ্যভান্ডার খুলে যাবে। এখানে কারা নিবন্ধন করেছে অথবা আগেরবার অকৃতকার্য হয়েছে এর যাবতীয় তথ্য থাকবে। সেই হিসেবে যারা পরীক্ষা অংশ নিতে ইচ্ছুক তাদের নামের পাশে টিক চিহ্ন দিতে হবে। আর ফরম পূরণের কাজটি করবেন প্রশিক্ষিত শিক্ষক। এরপর স্বয়ংক্রিয়ভাবে ফরম পূরণ হয়ে যাবে। এরপর শুধু টিটির মাধ্যমে ব্যাংকে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফরম পূরণের পর একটি ছাপানো সংস্করণ বের করে তাতে পরীক্ষার্থীর সই নিয়ে বোর্ড কার্যালয়ে জমা দিতে হবে। কারণ এ ব্যাপারে কোনো পরীক্ষার্থী চ্যালেঞ্জ করলে তার প্রমাণ হিসেবেই এ ফরমটি সংরক্ষণ করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অংশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এবং গতকাল সকালে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং বিকেলে চট্টগ্রাম মহানগর এলাকার বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস