অনলাইনে নারীর প্রতি সহিংসতা রুখতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে নারী সহিংসতা প্রতিরোধ নিয়ে সেমিনারে অংশ নেন নারীরা
অনলাইনে নারী সহিংসতা প্রতিরোধ নিয়ে সেমিনারে অংশ নেন নারীরা

সচেতনতা, সতর্কতা ও দক্ষতাই অনলাইনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কার্যকর পদ্ধতি হতে পারে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে এই প্রতিরোধে যুক্ত হওয়া সম্ভব হবে না। অনলাইনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শীর্ষক এক মুক্ত সেমিনারে এই বিষয়টি উঠে এসেছে।
নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা টেইক ব্যাক দ্য টেকের (Take Back the Tech) অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের মিলনায়তনে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে হলের ইয়েস(YES) গ্রুপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায়
আয়োজিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিডিওএসএসের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব কর্মসূচীর সমন্বয়কারী মুনির হাসান। আলোচনায় অংশ নেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আমেনা লিপি এবং বাংলাদেশে টেইক ব্যাক দ্য টেকের সমন্বয়কারী সাজিয়া আফরিন স্মিতা।
সেমিনারে আলোচকেরা বলেন, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। সেই সঙ্গে নানা ধরনের অপরাধও সংগঠিত হচ্ছে। এর মধ্যে নারীর প্রতি সহিংসতা ও অবমাননার বিষয়ও রয়েছে।
আলোচকেরা আরও জানান, ইন্টারনেট এবং বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইটসমূহ ব্যবহারে কিছু সতর্কতা মেনে চললে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্ত থাকা যায়। নিজের পাসওয়ার্ড কাউকে না দেওয়া, বন্ধু নির্বাচনের সময় সতর্ক থাকা এবং নিজের ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ না করা এই সতর্কতার মধ্যে অন্যতম। এ ছাড়া মোবাইল ফোনের ব্যবহারেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশে টেইক ব্যাক দ্য টেকের সমন্বয়কারী সাজিয়া আফরিন স্মিতা জানিয়েছেন, আগামীতে অন্যান্য হলেও এবং মেয়েদের জন্য ইন্টারনেটে নিরাপদ থাকার কৌশল বিষয়ক কর্মশালার আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে।

এ ব্যাপারে আগ্রহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচারণার ফেসবুক পেজে (https://www.facebook.com/tbttbd) যোগাযোগ করা যাবে বলেই জানিয়েছেন স্মিতা।