অনলাইনে পরীক্ষার ফলাফল নিয়ে কুমিল্লায় সেমিনার
২০১১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সব পরীক্ষার ফল অনলাইনে কীভাবে পাওয়া যাবে, এসব বিষয় নিয়ে সম্প্রতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে কুমিল্লার সফটওয়্যার কোম্পানি অ্যাপাই২১-এর উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা শাখার সভাপতি আফছার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস। সেমিনারে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. মেরাজুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সিহাব উদ্দিন, অ্যাপাই২১য়ের প্রধান বিপণন কর্মকর্তা চৌধুরী ফেরদৌস আহমেদ, কর্মকর্তা মো. এনামুল হকসহ অনেকে। সেমিনারে বলা হয়, ২০১১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে দেওয়া হবে। এ জন্য বোর্ডের অধিভুক্ত সংশ্লিষ্ট স্কুল ও কলেজের ওয়েবসাইট থাকতে হবে। অ্যাপাই২১ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সহজেই এ কাজ করা যাবে। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের www.apai21.com ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা