অনলাইনে বিনোদন খোঁজেন অধিকাংশ পাঠক!

সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন সংবাদপত্রগুলোতে বিনোদন আর আবহাওয়ার খবরের পাঠকই থাকেন সবচেয়ে বেশি। এক্ষেত্রে সবচেয়ে কম পাঠক রাজনীতির খবরের।
দেড় বছর সময় ধরে বিশ্বের ১৪ টি জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট নিয়ে গবেষণা করেছেন ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
গবেষকেরা জানিয়েছেন, অনলাইন সাইটগুলোর পাঠকের বিশেষ পছন্দের খবর হচ্ছে বিনোদন আর তাঁদের কাছে সবচেয়ে অজনপ্রিয় খবর হচ্ছে রাজনীতি ও অর্থনীতির খবর।
গবেষকেরা জানিয়েছেন, অনলাইনের পাঠকেরা সব সময় তাঁদের প্রিয় তারকার সর্বশেষ খবরাখবর ও সর্বশেষ ফ্যাশন সম্পর্কে জানতে চান। তাঁরা বিনোদন ও আবহাওয়া সংক্রান্ত খবরে যতটা উত্সুক থাকেন রাজনীতি আর অর্থনীতির খবরের ক্ষেত্রে তা দেখা যায় না।
বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ফোর্বসসহ জনপ্রিয় ওয়েবসাইটগুলোর সবচেয়ে পঠিত ও সবচেয়ে জনপ্রিয় খবরগুলো নিয়ে গবেষণা করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা।
গবেষকেরা আরও জানিয়েছেন, অনলাইন খবরের ক্ষেত্রে আবেগ দিয়ে লেখা ভাষার খবর বেশি পড়েন পাঠক। যেসব খবরের সঙ্গে ‘নারী’, ‘মা’, ‘যৌনতা’র মতো শব্দগুলো বেশি থাকে; সে খবরের পাঠক বেশি।