অনলাইনে বৈদেশিক লেনদেনের সীমা তুলে দেওয়ার প্রস্তাব আইএসপিএবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলেছে, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার পেমেন্ট, ফেসবুক–গুগলের বিজ্ঞাপনের পেমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে তাদের অনলাইনে বৈদেশিক লেনদেন করতে হয়। কিন্তু এসব পেমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এ প্রস্তাব তুলে ধরে।

বৈঠকে আইএসপিএবি আইএসপিকে তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) খাতের অন্তর্ভুক্ত করা, হাইটেক পার্কে পপ বসানোর জায়গা দেওয়াসহ বেশ কিছু প্রস্তাব তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের কাছে তুলে ধরে। প্রতিমন্ত্রী তাদের প্রস্তাবের বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

বৈঠক শেষে জুনাইদ আহ্‌মেদ সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল কেব্‌লে সংযুক্ত করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইন্টারনেটকে সহজ ও সুলভ করার পাশাপাশি এর সচেতনতার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া বলেন, সবার কাছে সুলভে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইন্টারনেট সেবাদাতারা। ইন্টারনেট সেবাদাতাদের জন্য রাউটার, সুইচ আমদানি করশূন্য করা এবং তাদের সেবাকে আইটিইএস সেবার অন্তর্ভুক্ত করতে রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ইন্টারনেটে শিশুদের নিরাপদ রাখতে এবং ইন্টারনেট কনটেন্টে শৃঙ্খলা রাখতে আইএসপিএবির মাধ্যমে একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক ল্যাব’ স্থাপনে আইসিটি বিভাগ সহযোগিতা করবে বলে জানান তিনি।

আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক, মহাসচিব নাজমুল করিম ভূঁইয়াসহ প্রমুখ।