অনলাইনে ভ্রমণবিষয়ক সেবা দিতে ভ্রমণ ডটকম

ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা দিতে দেশে যাত্রা শুরু করেছে ভ্রমণ ডটকম ডটবিডি নামের একটি সাইট। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ভ্রমণ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভ্রমণ লিমিটেড কর্তৃপক্ষ।
এই সাইটের উদ্যোক্তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভ্রমণ ডটকম ডটবিডি থেকে বাংলাদেশ এবং বিদেশের যেকোনো স্থানে ভ্রমণের জন্য হোটেল বুকিং, টিকিট কাটা, ট্যুর প্যাকেজ নির্বাচন অনলাইনে করা যাবে। ওয়েবসাইটটির লিংক হলো (www.vromon.com.bd)।
ভ্রমণ ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুবায়ের বিন আমিন বলেন, বাংলাদেশের মানুষ বেড়াতে ভালোবাসে। কিন্তু ভ্রমণে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। অনলাইন ট্রাভেল বুকিং সার্ভিস ভ্রমণ ডটকম ডট বিডি দেশের পর্যটকদের দেশে ও দেশের বাইরে আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেবে। নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই থাকবে না এই সাইটটি।
সাইটটির পরিচালক মামুন জামান বলেন, দেশের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, কুয়াকাটা, সিলেট, সুন্দরবন, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, গাজীপুর, ঢাকাসহ বাংলাদেশের জনপ্রিয় যেকোনো স্থানে যেতে চাইলে সব ধরনের সহায়তা পাওয়া যাবে। বর্তমানে ২৫০ এর অধিক হোটেল ও রিসোর্ট-এর তথ্য রয়েছে এখানে। সাইটে রয়েছে তাৎক্ষণিক বুকিং ব্যবস্থা, শতভাগ নিরাপদ অনলাইন পেমেন্ট সিস্টেম এবং ভ্রমণকারীদের লেখা সেরা সব রিভিউ। এর সঙ্গে সাইটে খুব দ্রুতই যুক্ত করা হবে টিকেটিং সুবিধা।