অনলাইনে মা-বাবাকে ধোঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনের মাধ্যমে তরুণদের মধ্যে মা-বাবাকে ধোঁকা দেওয়ার প্রবণতা বাড়ছে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ম্যাকাফির বিশেষজ্ঞরা জানিয়েছেন, তরুণেরা অনলাইনে কোন কোন ওয়েবসাইটে ক্লিক করছে এবং সেখানে কী করছে—এ বিষয়ে মা-বাবার চোখে ধুলো দেওয়ার কাজটি ভালোভাবেই সারছে। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।ম্যাকাফি জানিয়েছে, বর্তমানে ৭০ শতাংশেরও বেশি তরুণ-তরুণীই অনলাইনে মা-বাবাকে ফাঁকি দেওয়ার কৌশল জানে।যুক্তরাষ্ট্রে চালানো এ জরিপে ম্যাকাফি দেখেছে, প্রায় ৫০ শতাংশ তরুণ অভিভাবকদের কাছে অনলাইনের তথ্য দেয় আর বাকি ৫০ শতাংশ মা-বাবার সঙ্গে প্রতারণা করে। ২০১০ সালে এই হার ছিল ৫৫-৪৫।ম্যাকাফি আরও জানিয়েছে, ইন্টারনেট ব্রাউজ করার পর তথ্য মুছে ফেলা, মা-বাবা ঘরে এলে ব্রাউজারের আকার ছোট করে ব্রাউজ করা বা ব্রাউজার বন্ধ করে ফেলার মতো কাজ করে তরুণেরা। এ ছাড়া বাবা-মা যেসব কম্পিউটার পরীক্ষা করেন না, সেসব কম্পিউটার ব্যবহার করা, মেসেজ মুছে ফেলা ও স্মার্টফোনে ব্রাউজ করার মতো কাজগুলো করে এবং পরে এ বিষয়ে মা-বাবার কাছে মিথ্যা বলে তারা।১৩ থেকে ১৭ বছর বয়সী এক হাজার চারজন তরুণ ও এক হাজার ১৩ জন অভিভাবকের মধ্যে চালানো এ জরিপে এমন তথ্য পেয়েছে ম্যাকাফি।ম্যাকাফির তথ্য অনুসারে, অনলাইনে ৪৩ শতাংশ তরুণ সহিংস ঘটনা-বিষয়ক তথ্য দেখে, ৩৬ শতাংশ শারীরিক সম্পর্ক-বিষয়ক অনলাইন তথ্য ও ৩২ শতাংশ পর্নো দেখার তথ্য গোপন করে। আর অনলাইনে বিপদ সম্পর্কে সচেতন হয়েও তারা এভাবে মা-বাবাকে বোকা বানানোর কৌশল বেছে নেয়।ম্যাকাফির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ স্ট্যানলি হোলডিচ জানিয়েছেন, এই তরুণপ্রজন্ম প্রযুক্তি ব্যবহারে এতটাই স্বচ্ছন্দ যে, তারা মা-বাবার প্রযুক্তি জ্ঞানকে ছাড়িয়ে গেছে এবং নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টিকেও তারা পাত্তা দেয় না।