অনলাইনে শিশুদের হয়রানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে চার শতাধিক শিশু ইন্টারনেটের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছে। শিশুদের সুরক্ষার জন্য যুক্তরাজ্যের জাতীয় কেন্দ্র দ্য চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন সেন্টার (সিইওপি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর ৪১৪টি শিশু অনলাইনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির যৌন নির্যাতনের শিকার হয়। এ তথ্য জানার পর তারা অনলাইনে শিশুদের নিরাপত্তার ব্যাপারে আরও পদক্ষেপ নিয়েছে। প্রায় এক হাজার শিশুকে এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেছে। অনলাইনকে ব্যবহার করে শিশুদের যৌন হয়রানি করা বা শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগে পাঁচ শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। সিইওপির প্রধান নির্বাহী পিটার ডেভিস বলেন, ‘শিশুদের যৌন নির্যাতনের অনেক ঘটনাই আমরা জানতে পারি না। এটা খুব দুঃখজনক এবং ব্যাপক উদ্বেগের বিষয়। এ ব্যাপারে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে, শিশুদের বাবা-মায়েদের সব সময় নজর রাখতে হবে, তাঁদের শিশুরা অনলাইনে কী করছে, কাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।’ অনলাইনে শিশুদের প্রলুব্ধকারীদের শনাক্ত করা এবং তাদের বিচারের মুখোমুখি করার জন্য যুক্তরাজ্যে ২০০৬ সালে সিইওপি গড়ে ওঠে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৩৯৪টি ঝুঁকিপূর্ণ নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এসব নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতা ও শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে দেড় হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান