অনলাইনে সম্পত্তি কেনাবেচা বাড়ছে
বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জমি ও আবাসিক সম্পত্তি কেনাবেচা বাড়ছে। অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম সম্প্রতি এ তথ্য জানিয়েছে।বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিক্রয় ডটকমে সম্পত্তি কেনাবেচার জন্য সাত হাজার ৮৬৫টি বিজ্ঞাপন জমা পড়েছিল। এসব বিজ্ঞাপন নিয়ে বিক্রয় ডটকমের নিজস্ব গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে একটি অ্যাপার্টমেন্টের গড় দাম প্রায় এক কোটি ২০ লাখ টাকা। দেশের অন্যান্য অঞ্চলে একটি অ্যাপার্টমেন্টের গড় দাম প্রায় ৭০ লাখ টাকা। সম্পত্তি কেনাবেচার প্রতি আগ্রহ বাড়া প্রসঙ্গে বিক্রয় ডটকমের কান্ট্রি ম্যানেজার ঈশিতা শারমিন জানিয়েছেন, অনলাইনে সম্পত্তি কেনাবেচার বিজ্ঞাপনে মানুষের আগ্রহ বাড়ছে। সহজে সম্পত্তির দামের ধারণা এবং সম্পত্তি-সংশ্লিষ্ট তথ্য আগেভাগেই জানতে পারছে মানুষ। কোন এলাকায় সম্পত্তির কেমন দাম, তা জানার সুযোগ করে দিচ্ছে বিক্রয় ডটকম।