অনলাইনে সাক্ষাত্ উদ্বিগ্নতা বাড়ায়

নতুন কারও সঙ্গে দেখা হওয়ার আগেই ফেসবুকে তার সম্পর্কে অনেক জানাশোনা ও ছবি দেখার পর বেশি সামাজিক উদ্বেগ দেখা দেয়। সম্প্রতি মার্কিন গবেষকেরা মুখোমুখি সাক্ষাতের আগে অনলাইন যোগাযোগ হলে কী প্রভাব পড়ে তা নিয়ে গবেষণা করে এই ফল পেয়েছেন। এক খবরে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গবেষকেরা দাবি করেছেন, আগে ফেসবুকে জানাশোনা থাকলে মুখোমুখি দেখা করতে গেলে জটিলতা বাড়ে। আগে ছবি দেখার ফলে মানুষের সম্পর্কে যে ধারণা জন্মে তা প্রায় ক্ষেত্রে নেতিবাচক ধারণার জন্ম দেয় ও উদ্বিগ্নতা বাড়িয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের বেনেডিক্টাইন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে নানাবিধ সুবিধার মধ্যে একটি হচ্ছে এটি মানুষের মধ্যে যোগাযোগ বাড়ায়। কিন্তু এই যোগাযোগ আমাদের আরও বেশি উন্মুক্ত করার পরিবর্তে আমাদের জন্য অতিমাত্রায় অসুবিধাও তৈরি করে। আগে অনলাইনে সাক্ষাত্ হলে পরে মুখোমুখি সাক্ষাতের সময় উদ্বিগ্নতা বেড়ে যায়।
অনলাইনের চেয়ে মুখোমুখি সাক্ষাতে সামাজিকতা বাড়ে বলেই গবেষকেরা মনে করেন।