অনলাইনে হোটেল বুকিং সেবা জোভাগোর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে হোটেল বুকিং সাইট জোভাগো চালুর ঘোষণা দেন প্রধান নির্বাহী কর্মকর্তা পল মিডি। ছবি: সংগৃহীত।
রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে হোটেল বুকিং সাইট জোভাগো চালুর ঘোষণা দেন প্রধান নির্বাহী কর্মকর্তা পল মিডি। ছবি: সংগৃহীত।

ভ্রমণপিপাসু ও পর্যটকদের জন্য হোটেল বুকিং সেবাকে আরও সহজ করতে গতকাল সোমবার থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বৈশ্বিক অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট জোভাগো ডটকম। রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোভাগোর কার্যক্রমের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পল মিডি।

জোভাগো ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা পল মিডি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা এশিয়ার বেশ কয়েটি দেশ সম্পর্কে খোঁজখবর নিয়েছি। বাংলাদেশকে সম্ভাবনাময় বলে মনে হয়েছে। এ দেশে তাই প্রতিষ্ঠানটি স্থায়ী কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

জোভাগো বাংলাদেশের বিজনেস ডেভেলপার সারজিল হান্নান বলেন, বাংলাদেশে পর্যটনশিল্প খাত এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিতে গতি আনবে জোভাগো ডটকম। আমাদের হোটেল বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে ও দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।

জোভাগো কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জোভাগোর লক্ষ্য হচ্ছে আফ্রিকা, বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানের সব হোটেল; এমনকি প্রত্যন্ত অঞ্চলের হোটেলগুলোকেও অনলাইনের আওতায় আনা। এ ছাড়া ব্যবসা ও ছুটি কাটানোর জন্য নতুন নতুন গন্তব্যের সন্ধান দেওয়ার পাশাপাশি এশিয়া ও আফ্রিকার মধ্যে পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের নিশ্চয়তা দেওয়া।

পর্যটনশিল্পের প্রতি টান রয়েছে—এমন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের নিয়ে পরিচালিত জোভাগো ডটকম পর্যটকদের জন্য মানসম্মত ট্রাভেল বুকিং দিতে অঙ্গীকারবদ্ধ। পর্যটনশিল্পে ক্রমাগত বিনিয়োগের কারণে দেশের সেবা খাতে একটি নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।


জোভাগোর প্রধান নির্বাহী বলেন, ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এটি আফ্রিকার শীর্ষ হোটেল বুকিং সাইটে পরিণত হয়েছে এবং ৪০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের সাইটে প্রায় দুই লাখের বেশি গন্তব্যের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এশিয়াজুড়ে অনলাইন হোটেল বুকিং ব্যবসার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে জোভাগো। দেশের পর্যটন খাতে সেবা প্রদানের মতো অনেক ক্ষেত্রই বাংলাদেশে রয়েছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। জোভাগোর ওয়েবসাইটের লিংক (www.jovago.com)