অনলাইনে ৪০ শতাংশই নিপীড়নের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে নিপীড়নের হার বেড়ে গেছে
অনলাইনে নিপীড়নের হার বেড়ে গেছে

অনলাইনে নিপীড়নের শিকার হন অনেকেই। সম্প্রতি এক গবেষণায় পিউ রিসার্চের গবেষকেরা দেখেছেন, ৪০ শতাংশ অনলাইন ব্যবহারকারীই নিপীড়নের শিকার হন।
এ প্রসঙ্গে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ বছরে ওয়েবের কল্যাণে মানুষের যোগাযোগব্যবস্থায় উন্নতি হয়েছে। কিন্তু ওয়েবের অন্ধকার দিকটিও এ সময় উন্মোচিত হয়েছে। অনলাইনে এরকমই একটি অন্ধকার দিক হচ্ছে অনলাইন নিপীড়ন। প্রতি ১০ জনে ব্যবহারকারীর চারজনই অনলাইনে নিপীড়িত হওয়ার কথা স্বীকার করেছেন। গতকাল বুধবার পিউ রিসার্চ তাদের জরিপের ফল প্রকাশ করেছে।
পিউ রিসার্চের গবেষকেরা বলছেন, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশ অনলাইনে অন্যকে নিগৃহীত হতে দেখেছেন বলে জানিয়েছেন। নিপীড়ন বলতে শারীরিকভাবে ক্ষতির হুমকি, গোপন নজরদারি কিংবা যৌন নিপীড়নকে বোঝানো হয়েছে।
দুই হাজার ৮৪৯ জন ওয়েব ব্যবহারকারীকে নিয়ে এই জরিপ করেছে পিউ রিসার্চ।
পিউ রিসার্চ সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন নিপীড়নকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এর একটি হচ্ছে গৌণ আর আরেকটি হচ্ছে গুরুতর। গৌণ নিপীড়নের পর্যায়ে পড়ে নামের বিকৃতি ও অপমানজনক কথা বা আচরণ। আরেকটি নিপীড়ন ওয়েবে খুব কমসংখ্যক মানুষের ক্ষেত্রে ঘটলেও তা গুরুতর হিসেবে বিবেচনা করার কারণ হচ্ছে—এতে গোপনে নজরদারি, দীর্ঘসময় ধরে নিপীড়ন চালিয়ে যাওয়া এমনকি মারাত্মক হুমকি দেওয়ার বিষয়টি জড়িত থাকে।

পিউ রিসার্চ সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের বেশি নিপীড়নের শিকার হতে হয়। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের সবচেয়ে বেশি নজরদারি ও যৌন নিপীড়নের শিকার হতে হয় বলেই জরিপে উঠে এসেছে। যাঁরা অনলাইনে বেশি তথ্য দেন এবং প্রযুক্তি নিয়ে কাজ করার কারণে অনলাইনে নিজেদের বেশি প্রচার করেন, তাঁরাও নিপীড়িত হন। ৩৮ শতাংশ মানুষ স্বীকার করেছে, অচেনা কারও কাছ থেকে তারা হুমকি পেয়েছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অ্যাপস ও অনলাইনে গেমে বেশি নিপীড়িত হতে হয় বলেই অধিকাংশ ভুক্তভোগীর দাবি। গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, অনলাইনে নিপীড়নের শিকার হলে আইনি সহায়তা নিয়েছেন এমন মানুষের সংখ্যা মাত্র ৫ শতাংশ। আর ৪৪ শতাংশ ক্ষেত্রেই নিপীড়নকারীকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া বা ব্লক করে দেওয়ার ঘটনা ঘটেছে।