অনলাইনের ই-স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-স্কুল নিয়ে কাজ করছেন একজন স্বেচ্ছাসেবী উদ্যোক্তা
ই-স্কুল নিয়ে কাজ করছেন একজন স্বেচ্ছাসেবী উদ্যোক্তা

‘মজা করে শিখি’ স্লোগানে দেশের সব শিক্ষার্থীর কাছে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে সহজতর করার লক্ষ্যে কাজ করছেন একদল তরুণ উদ্যোক্তা। স্বেচ্ছাসেবী হিসেবে তাঁরা গড়ে তুলেছেন ‘ই-স্কুল’ নামের একটি অনলাইনভিত্তিক শিক্ষাকার্যক্রম। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টি নিয়ে চলছে ই-স্কুলের কার্যক্রম।
ই-স্কুলের উদ্দেশ্য প্রসঙ্গে এর উদ্যোক্তা ইয়াসিন তানভীর বলেন, ই-স্কুল আসলে অনলাইন স্কুল বা ইন্টারনেটভিত্তিক শিক্ষাকার্যক্রম। এর উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সহজে শিক্ষা দেওয়া। শিক্ষাকে দেশের সব শিক্ষার্থীর জন্য সহজ করে তুলতেই এই ই-স্কুল উদ্যোগ নেওয়া হয়েছে। সহজে বোঝা যায় এমন টিউটোরিয়াল তৈরি, গ্রাফিকস ও অ্যানিমেশন তৈরি করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাবে ই-স্কুল।’

মোবাইলে ই-স্কুল
মোবাইলে ই-স্কুল


তথ্যপ্রযুক্তির বিষয়গুলো সহজভাবে টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরতে কাজ করছে ই-স্কুল। সাইটটির ওয়েবসাইটে বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নেওয়া যাবে। এ ছাড়াও ই-স্কুলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমেও বিভিন্ন বিষয় শিখতে পারবেন শিক্ষার্থীরা।
ইয়াসিন তানভীর বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে সহজ করে তুলতে গত বছরের জানুয়ারি মাসে ই-স্কুল যাত্রা শুরু করে। এই ওয়েবসাইটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল ও ব্যবহারিক বিষয়গুলো বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। গত বছর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের কাছ আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ১৪ হাজার শিক্ষার্থী ই-স্কুল থেকে উপকৃত হয়েছেন। বর্তমানে ১৩ জন স্বেচ্ছাসেবক ই-স্কুলকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।’
ই-স্কুলের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের এই অলাভজনক প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে অনলাইনভিত্তিক শিক্ষা। তথ্যপ্রযুক্তি বিষয়ের পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকে স্নাতক পর্যায়ের বিষয়গুলো নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ই-স্কুলের ওয়েবসাইটের ঠিকানা (http://e-iskool.com/)