অনিশ্চিত গন্তব্যে থাইল্যান্ড

নৈরাজ্যের পরিণতি এমন হতাশারই হয়। মাত্র এক দশক আগেও ঈর্ষণীয় গণতন্ত্র ও সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবেই উচ্চারিত হতো থাইল্যান্ডের নাম। রাজনৈতিক সংকটের দুষ্টচক্রে পড়ে দেশটির গণতন্ত্র এখন হুমকির মুখে। অর্থনীতি নড়বড়ে। সরকার ও বিরোধী পক্ষ আবারও রাজপথে নেমেছে। কেউ ছাড় দিতে রাজি নয়। কাজেই, সহিংসতা ও রক্তপাত আসন্ন—এমন ধারণা করাই যায়।
ক্ষমতার অপব্যবহারের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তাঁর নয়জন মন্ত্রীকে গত ৭ এপ্রিল বরখাস্ত করেন দেশটির সাংবিধানিক আদালত। এরপর ইংলাক সরকারের বাণিজ্যমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
ক্ষমতাচ্যুত হওয়ার পরও নিস্তার পাচ্ছেন না ইংলাক। ধানচাষিদের ভর্তুকি প্রদান-সংক্রান্ত একটি দুর্নীতির ঘটনায় ইংলাকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি)। সংস্থাটি এক রুলে বলেছে, পার্লামেন্টের উচিত ইংলাককে অভিশংসন করা। প্রধানমন্ত্রী না থাকা সত্ত্বেও ইংলাককে কীভাবে পার্লামেন্ট অভিশংসন করবে, তা নিয়ে জটিলতা আছে। তবে এই পদক্ষেপে রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি।
ছয় মাস ধরে ইংলাকের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সরকারবিরোধীরা। সাংবিধানিক আদালতের সিদ্ধান্তে তারা উল্লসিত। কিন্তু এখনো রাজপথে আছে তারা। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবারের প্রভাব মুছে ফেলতে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তাদের।
ইংলাক বরখাস্ত হওয়ার পর তাঁর সমর্থকেরাও রাজপথে নেমেছেন। সাংবিধানিক আদালতের রায়কে থাকসিন পরিবার ও ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির (পিটিপি) বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাঁরা। ইংলাককে পার্লামেন্ট অভিশংসন করলে তাঁর সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হবে। এতে দেশটির সরকার ও বিরোধী পক্ষের মধ্যে রাজপথে হানাহানি বাড়বে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে দেশটিতে ২৫ জন নিহত হয়েছেন।
১৯৩২ সালে সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে থাইল্যান্ড। এ পর্যন্ত দেশটিতে ১৮টি অভ্যুত্থান বা অভ্যুত্থানের উদ্যোগ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সময় দেশটিতে স্থিতিশীলতা আসে। তিনি ছিলেন টেলিকম ব্যবসায়ী। পর পর দুবার প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির প্রত্যন্ত অঞ্চল ও শ্রমিকশ্রেণির মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাঁর সাফল্য মেনে নিতে পারেনি দেশটির অভিজাত ও মধ্যবিত্তদের একটি অংশ। তারাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। শুরু হয় থাকসিনকে হটানোর আন্দোলন। সামরিক বাহিনীর সমর্থনে থাকসিনবিরোধীরা ‘হলুদ শার্ট’ হিসেবে একজোট হয়। সেই থেকে থাইল্যান্ডে অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত। গণবিক্ষোভের একপর্যায়ে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। পরে তিনি স্বেচ্ছানির্বাসনে যান।
ওই ঘটনার পর থাইল্যান্ডে আরেকটি সরকার আসে। সেই সরকারও বেশি দিন টিকতে পারেনি। ২০১০ সালে ব্যাংককের রাজপথে অবস্থান নেন থাকসিনের সমর্থকেরা। নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯০ জন নিহত হন। ২০১১ সালে ক্ষমতায় ফিরে আসে থাকসিনের পুয়ে থাই পার্টি। প্রধানমন্ত্রী হন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা। অল্প সময়ের জন্য থাইল্যান্ডে স্থিতিশীলতা আসে।
ক্ষমতা গ্রহণের কিছুদিন না যেতেই ইংলাক সরকারের বিরোধিতা শুরু হয়। সরকারবিরোধীদের অভিযোগ, থাকসিনের হাতের পুতুল ইংলাক। নির্বাসনে থেকে থাকসিনই সরকার চালাচ্ছেন। এ ছাড়া পঁুজিবাদ সমর্থন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গ্রামীণ ভোটার টানতে জনপ্রিয় নীতির ব্যবহারের অভিযোগও আছে থাকসিন পরিবারের বিরুদ্ধে।
গত বছরের অক্টোবরে ইংলাক সরকার একটি সাধারণ দায়মুক্তি বিল পার্লামেন্টে পাস করানোর চেষ্টা করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধে। বিরোধীরা অভিযোগ করে, থাকসিনকে নির্বাসিত অবস্থা থেকে দেশে ফিরিয়ে আনতে ওই বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছিল।
গত বছরের ১ নভেম্বর নিম্নকক্ষে বিলটি পাস হয়। পরে আন্দোলনের মুখে উচ্চকক্ষে তা বাতিল হয়। ৮ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা পার্লামেন্ট থেকে গণহারে পদত্যাগ করেন।
বিক্ষোভের মুখে গত বছরের ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দেন ইংলাক। একই সঙ্গে গত ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। এই সময় থেকে তিনি দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দেয় বিরোধীরা। আন্দোলনের মধ্যেও ২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট নেওয়া হয়। দেশটির সাংবিধানিক আদালত ২১ মার্চ ওই নির্বাচন বাতিল করেন।
২০১১ সালে থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান থাবিল প্লিয়েনশ্রিকে বদলি করেছিল ইংলাক সরকার। তাঁর স্থলাভিষিক্ত করা হয় ইংলাকের একজন আত্মীয়কে। এ ঘটনায় ক্ষমতার অপব্যবহারের দায়ে ইংলাক ও তাঁর নয়জন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। এখন ইংলাকের সামনে ঝুলছে রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার আশঙ্কা।
রাজধানী ব্যাংককে সরকার ও বিরোধী উভয় পক্ষই এখন বিক্ষোভ করছে। কেউই রাজপথ ছাড়তে রাজি নয়। অন্তর্বর্তী সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থগসুবান। এই লক্ষ্যে আজ (১৬ মে) সবাইকে ব্যাংককের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
থগসুবান বলছেন, নির্বাচন কোনো সমাধান নয়। বর্তমান কাঠামোয় ভোট কিনে ও জালিয়াতি করে বর্তমান সরকার আবার ক্ষমতায় ফিরবে। কাজেই, তাঁরা নির্বাচনে যাচ্ছেন না। দেশের রাজনৈতিক কাঠামোয় সংস্কার দাবি করেছে বিরোধী দল। এ জন্য একটি ‘পিপলস কাউন্সিল’ গঠনের কথা বলছে তারা। সমাজের বিভিন্ন অংশের অনির্বাচিত প্রতিনিধি নিয়ে এই কাউন্সিল হবে। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তা ভেঙে ওই কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিরোধী নেতা থগসুবান।
সরকার-সমর্থক ‘লাল শার্ট’ আন্দোলনের চেয়ারম্যান জতুপর্ন প্রমপ্যান অনির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির বিরোধিতা করছেন। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কোনো প্রধানমন্ত্রীর নিয়োগ মানা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে।
আগামী ২০ জুলাই থাইল্যান্ডে নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে ইংলাকের দলের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ, উত্তরের প্রদেশগুলোয় ছড়িয়ে থাকা লাখ লাখ শ্রমজীবীর মধ্যে দলটির বিপুল জনপ্রিয়তা রয়েছে। কিন্তু এই নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, রাজনৈতিক সংস্কার ও নির্বাচন বিলম্বিত করার দাবি তুলেছে তারা।
গত পাঁচটি নির্বাচনে থাকসিনের দল বা তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দলগুলো জিতেছে। গত দুই দশকের মধ্যে কোনো জয় পায়নি ডেমোক্রেটিক পার্টি। তবে দলটির দাবি, জয় পাওয়ার মতো পরিস্থিতি ছিল না। নির্বাচনে অংশ নিতে এখন তারা প্রতিদ্বন্দ্বিতার সমান সুযোগ চায়। আর এর জন্যই দরকার অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও রাজনৈতিক সংস্কার। সংস্কারের লক্ষ্য হবে, থাকসিনের প্রভাব হ্রাস করা।
নির্বাচনের আর বেশি বাকি নেই। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষের ছাড় দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করলে ফেব্রুয়ারির নির্বাচনের মতোই তা গ্রহণযোগ্যতা হারাবে। ফলে নির্বাচনের মাধ্যমে চলমান সংকট সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে এক অনিশ্চিত গন্তব্যে হাঁটছে থাইল্যান্ড।
ইংলাকের সমর্থকেরা ‘লাল শার্ট’ পরে ইতিমধ্যে রাজপথে নেমেছেন। তাঁরা নির্বাচনের আগে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। প্রতিপক্ষও তাদের অবস্থানে অনড়। সংঘাতে দুই পক্ষেরই রক্ত ঝরবে। মৃত্যুর মিছিল দীর্ঘ হবে। এতে কেউই লাভবান হবে না। লাভবান হবে তৃতীয় পক্ষ। সহিংসতা দমনের অজুহাতে রাষ্ট্রক্ষমতায় নিজেদের কর্তৃত্ব জারির সুযোগ পাবে দেশটির সেনাবাহিনী।
সাইফুল সামিন