অনিশ্চিত যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাজীব
আঁকা: রাজীব

অনেক অনেক দূরে একটা উঁচু বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকি আমি! ছাদের ওপর একটা কালো বিন্দুর মতো কিছু নড়তে–চড়তে দেখলাম। কেউ হয়তো কাপড় শুকাতে এসেছে। কিংবা ছাদের টবে লাগানো ফুল গাছে পানিটানি দেবে হয়তো। নিজ হাতে লাগানো ছাদের বাগানবিলাসগাছটার কথা ভেবে আমার মনটা কেমন করে ওঠে!
নিশ্চল ঠায় বসে থাকা ছাড়া এখন আমার কিছুই করার নেই। সামনে দীর্ঘ অনিশ্চিত পথের কথা ভেবে আনমনেই একটা দীর্ঘশ্বাস ছাড়ি! আর নিজের ভাগ্যকে দুষতে থাকি। কীই-বা আর করতে পারি আমি! দুটো খেয়ে-পরে বেঁচে থাকার জন্যই যে এমন অনিশ্চিত যাত্রায় শামিল হওয়া, এই চোরা স্রোতে গা ভাসানো!
আবারও অনেক অনেক দূরের একটা উঁচু বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকি! কিছু একটা নড়তে–চড়তে দেখি। পেছনে ফেলে আসা মুহূর্ত আর আপন মানুষগুলোর কথা মনে পড়ে যায়। বউ আর বাচ্চাটার কথা। বাসা থেকে বের হওয়ার সময় মেয়েটা সঙ্গে আসার জন্য হাত ধরে কত পীড়াপীড়িই না করল! শেষে মনটন খারাপ করে তো আর কথাই বলল না। জানালা দিয়ে আকাশ দেখি। উড়ে যাওয়া মেঘগুলোকে হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে খুব! মেয়ের কথা ভেবে বুকটা হাহাকার করে ওঠে আমার!
স্কুলে গিয়েছে কি? নাকি বাসায় থেকে এটা-সেটা বায়না ধরে মাকে খুব জ্বালাতন করছে? এই তো আর কিছুক্ষণ পরই ফোন করবে হাজারটা আগামাথা ছাড়া কথা বলার জন্য। বিড়ালটার কথা, বারবিটা কেন রাগ করে আছে কিংবা নবিতা আজকে কী আজব কাণ্ড ঘটিয়েছে—সেসব ইনিয়ে-বিনিয়ে বলবে! আমি হয়তো তখন...
প্রতিদিনের মতো আজও হয়তো বউটা না খেয়ে আমার জন্য বসে থাকবে। আর একটু পরপরই হয়তো ফোন করবে, আমি এখন কোথায় আছি, কখন ফিরব, খেয়েছি কি না ইত্যাদি জানতে চেয়ে। কী জানি, আমি হয়তো তখন...
সামনের দু-একজনকে দেখি নিতান্তই অবহেলা নিয়ে ইংরেজি কিংবা বাংলা পত্রিকার পাতা ওল্টাচ্ছে। দেশের খবর পড়ছে কি? আহা, দেশ! ভাবতেই বুকটা মোচড় দিয়ে ওঠে! কেউবা মুখ ভোঁতা করে বসে আছে। যেন বিশাল সমুদ্রের মাঝখানে একটা জনমানবহীন দ্বীপে আটকা পড়া। সবার চোখে-মুখে বিরক্তি, অনিশ্চয়তা আর দুশ্চিন্তার ছাপ। হয়তো তাদেরও ফেলে আসা বউ আর বাচ্চার কথা মনে পড়ছে! এখন আমাদের কেবল অপেক্ষা করা ছাড়া, এভাবে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। সামনে এক অনিশ্চিত গন্তব্য। অনিশ্চিত যাত্রা!
এটা-সেটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, মনে নেই। খুব খারাপ একটা স্বপ্নও দেখলাম। একটা ভীষণ হইচইয়ের শব্দে থতমত খেয়ে ঘুম ছুটে গেল। ক্র্যাশট্র্যাশ করল নাকি! ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১২টা ৩৭ বাজে। নয়টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম। কচুক্ষেত থেকে সদরঘাট! একটু তাড়াতাড়িই কি এসেছি? মোবাইল ফোনে বউয়ের ১৩টা মিসড কল। আমি তো বেঘোরে ঘুমাচ্ছিলাম!
হেল্পারটা তার স্বরে হাউকাউ করছে, ‘কারওয়ান বাজারের জ্যাম থেইকা দেখি ঘুমাইতাছেন। গাড়িতে উইঠা মানুষ এত ক্যামনে ঘুমায়! নামেন নামেন!’
তড়িঘড়ি করে নেমে রাস্তার ওপারে তাকিয়ে মনটা দমে গেল। শয়ে শয়ে গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে। নড়ার নামমাত্র নেই। বাসায় ফেরার কথা ভাবতেই গা শিউরে উঠল। কখন ফিরব? সামনে যে যানজটময় অনিশ্চিত যাত্রা!