
মনের আবেগ-অনুভূতিগুলোকে যদি একেকটা রক্তমাংসের বাস্তব চরিত্রের রূপ দেওয়া যেত, তবে কেমন হতো? ঠিক রক্তমাংসের চরিত্র না হলেও ব্যতিক্রমী এমন বিষয়ের ওপর গত বছর ওয়াল্ট ডিজনি ও পিক্সার অ্যানিমেশনের ব্যানারে বাজারে আসে ইনসাইড আউট নামের অ্যানিমেশন চলচ্চিত্র। ছবির কাহিনি এগিয়েছে শিশু রাইলির ‘ব্রেইন হেডকোয়ার্টার’-এ জমা হওয়া আনন্দ, দুঃখ, বিতৃষ্ণা, ভয় এবং রাগের পাঁচটি আলাদা অনুভূতি নিয়ে। এই অনুভূতিগুলো রাইলিকে পরিচালনা করে। আলাদা এই চরিত্রগুলোর পরিচালনায় চলতে থাকে রাইলির জীবন। জনপ্রিয় এই ছবির চরিত্রগুলোকে নিয়ে স্মার্টফোনের জন্য ‘ইনসাইড আউট থট বাবলস’ নামের গেম তৈরি করেছে ডিজনি।
আপনি ইনসাইড আউট ছবিটির প্রেমে না পড়লেও গেমে আপনার আবেগ, অনুভূতি নিয়ে খেলতে খুব একটা খারাপ লাগার কথা না। আপনাকে প্রতিটি আবেগের আলাদা আলাদা রংগুলোকে বুদ্বুদ বা বাবল ছুড়ে ছুড়ে মিলাতে হবে। এভাবে প্রতিটি আবেগের চরিত্রকে আলাদা আলাদা নতুন ধাঁধা (পাজল) অতিক্রম করার চ্যালেঞ্জ নিতে হবে। আর এভাবেই একের পর এক লেভেল খুলতে হবে।
গেমে আবেগের প্রত্যেকটি চরিত্রই আলাদা। তাই একেক চরিত্রের অভিব্যক্তিও আলাদা। যেমন আনন্দ (জয়) লেভেল শেষে ঝলসানো কিছু খাবারের ছবি দেখতে পাবেন। আবার বিষণ্নতা (স্যাডনেস) এনে দেবে বৃষ্টির ফোঁটা। রাগ (অ্যাংগার) আনবে আগুনের ঝলসানো আলো। আর ভয় (ফিয়ার) আনবে অদ্ভুত সব মজার ছবি। এভাবেই চারটি ভিন্ন আর চ্যালেঞ্জিং লেভেল আপনাকে দেবে অনুভূতি আর আবেগের সঙ্গে খেলার অনন্য কিছু মুহূর্ত। তবে আবেগ, অনুভূতির সঙ্গে খেলতে দেরি করছেন কেন?
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: https://goo.gl/DWtyw1
আইওএস: https://goo.gl/shdfeS
উইন্ডোজ: https://goo.gl/tbGKSL