ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সম্প্রতি ফেসবুক সাইট গভর্নেন্স পেজে প্রকাশিত এক নোটে কিছু নীতিমালা হালনাগাদের কথা জানানো হয়েছে। নতুন কোনো পরিবর্তন না এনে বিজ্ঞাপন, ট্যাগ সাজেশন, বিষয়বস্তু-সংক্রান্ত যেসব নিয়মনীতির ব্যাপারে ফেসবুক কিছুটা অস্বস্তিতে ছিল, মূলত সেসব বিষয়ই পরিষ্কার করা হয়েছে এতে।
ফেসবুক ব্যবহারকারী কোনো বিষয়বস্তু পছন্দ হলে স্ট্যাটাস, লাইক, মন্তব্য কিংবা শেয়ারের মাধ্যমে পরস্পর যোগাযোগ করে। এটাই সামাজিকতা। ফেসবুকের বাদবাকি আর সবকিছুর মতো বিজ্ঞাপনও সেই একই আঙ্গিকে কাজ করবে। কেউ একজন তার ভালো লাগা কোনো পেজ পছন্দ করল কিংবা নতুন কোনো জায়গায় চেক-ইন করল, কেবল তখনই সেটা বিজ্ঞাপন আকারে নিজের ওয়ালে বা বন্ধুদের নিউজ ফিড অথবা গ্রাফ সার্চে প্রদর্শিত হবে। বন্ধুরা জানতে পারবে, এই পেজটি (বিজ্ঞাপন) কে বা কারা পছন্দ করেছিল। তবে এসব বিজ্ঞাপনে নিজের লাইক বা পছন্দ অন্য কারা দেখতে পারবে, সেটা প্রাইভেসি সেটিংয়ের মাধ্যমে ঠিক করে দেওয়া যাবে।
ছবিতে কাউকে ট্যাগ করার বিষয়টা এখন অনেক নিয়ন্ত্রিত। কেউ যদি কোনো ছবি প্রকাশ করে, ফেসবুক সেই ছবিতে কোনো বন্ধুকে ট্যাগ করা হবে কি না, জানতে চেয়ে তার সাজেশন দেখাতে পারে। যদি কাউকে ট্যাগ করা হয়, তবে সে চাইলেই তা মুছে ফেলতে পারবে অথবা যে ট্যাগ করেছে, তাকে বলা যাবে ছবিসমেত পুরোটাই মুছে ফেলতে। অনুমতি ছাড়া কারও ছবি ফেসবুক অন্যত্র ব্যবহার করবে না।
পোস্টের ব্যাপারে ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা ইরিন ইগ্যান বলেছেন, ‘ফেসবুকে পোস্ট করা বিষয়বস্তুর মালিকানা আপনার (ব্যবহারকারীর)। অনুমতি ছাড়া আমরা আপনার ব্যক্তিগত পোস্টগুলো অন্যের সঙ্গে শেয়ার করি না। যখন কিছু পোস্ট করেন, তখন আপনিই ঠিক করবেন সেগুলো কারা জানবে, আপনার এই বাছাইকে আমরা শ্রদ্ধা জানাই। শর্ত ও নীতিমালায় এটাই আমাদের চাবিকাঠি।’
ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালায় এই বছরে প্রধান যে দুটি পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো হলো অনুসন্ধান থেকে নিজের নাম লুকিয়ে রাখতে না পারা এবং অপ্রাপ্তবয়স্কদের পোস্ট সবার কাছে প্রকাশ্য থাকা। এই হালনাগাদে সেগুলোর কোনো পরিবর্তন করা হয়নি।
—ফেসবুক অবলম্বনে মঈন চৌধুরী