অনুমতি ছাড়া গুগলকে তথ্য না দেখানোর নির্দেশ
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সার্চে থাকা পুরোনো তথ্যগুলো অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। বিশেষ করে অনেক পুরোনো তথ্য গুগল থেকে মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ আদালত এ নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছেন, অনেক পুরোনো তথ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যার তথ্য তার অনুমতি নিতে হবে। এ ছাড়া অপ্রয়োজনীয় এবং কোনো ব্যক্তিকে হেয় করতে পারে, এমন তথ্য মুছে ফেলতে হবে।
মারিও কোস্টেজা গঞ্জালেস নামের এক ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ রায় দেওয়া হয়।
অভিযোগকারী জানান, সম্প্রতি গুগলে তাঁর ১৬ বছর পুরোনো একটি তথ্য তাঁর নামে খুঁজতে গেলে দেখানো হচ্ছে। যাতে তিনি ব্যবসায়িক ও ব্যক্তিগতভাবে সমস্যায় পড়ছেন।
এর আগে একই রকম বিষয়ে স্পেনের এক ব্যক্তি আদালতে অভিযোগ করেন। আদালতের এমন রায়ের ব্যাপারে গুগল জানায়, এ রায়টি ইন্টারনেটে উন্মুক্ত তথ্য আদান-প্রদানের পথকে ব্যাহত করবে। গুগল সে
তথ্যগুলোই দেখায়, যা ওই বিষয়সংশ্লিষ্ট।
এটা ঠিক তথ্য নিয়ন্ত্রণ করার কোনো বিষয় নয়। তবে রায়ের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন গুগলের একজন মুখপাত্র।
আদালতের এমন রায়কে স্বাগত জানিয়েছেন অনেকেই। ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার ভিভিয়ানে রেডিং রায় নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন, এটা ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বিজয়৷
ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয় নিয়ে বর্তমানে সারা বিশ্বে চলছে নানা আলোচনা।
আর এ রায় সে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন ইন্টারনেট ব্যক্তিগত তথ্য সুরক্ষা আন্দোলনের কর্মীরা।
—বিবিসি ও রয়টার্স অবলম্বনে কাজী আলম