না বলে টুইট করায় বিপদে ইলন মাস্ক
আদালতের নির্দেশ ছিল, কিছু বিষয়ে টুইট করার আগে টেসলার আইনজীবীর অনুমোদন নিতে হবে ইলন মাস্ককে। তবে টেসলা সে নির্দেশ মানতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এসেছে।
মার্কিন বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার সব শেয়ার নিজে কিনে নেবেন বলে টুইটারে ২০১৮ সালে লিখেছিলেন ইলন মাস্ক। এরপর পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করবেন টেসলাকে। তবে তা তিনি করেননি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এরপর ইলন মাস্কের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
আদালতের নির্দেশে এসইসি ও টেসলার মধ্যে চুক্তি হয়েছিল, বেশ কিছু বিষয়ে টুইট করার আগে টেসলার আইনজীবীর অনুমোদন নিতে হবে মাস্ককে।
তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সংগৃহীত নথিতে দেখা যায়, আইনপ্রণেতাদের ধারণা, টেসলা ও ইলন মাস্ক সে চুক্তি ভঙ্গ করেছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট দুবার সে চুক্তি ভেঙেছে বলে টেসলাকে পাঠানো চিঠিতে জানিয়েছে এসইসি।
এর একটি টুইটে মাস্ক টেসলার শেয়ারের মূল্য বেশি বলে দাবি করেছেন। আরেকটিতে সোলার প্যানেলের ছাদ উৎপাদন করবেন বলে জানান।
অথচ এসইসির সঙ্গে চুক্তির একটি ধারা ছিল, ইলন মাস্ক যদি উৎপাদনের পরিমাণ, নতুন পণ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক দিক নিয়ে কোনো কিছু টুইট করেন, তবে তা টেসলার আইনজীবীর কাছ থেকে অবশ্যই আগে থেকে অনুমোদন নিয়ে রাখতে হবে।