অনুরোধে তথ্য মুছে দিচ্ছে গুগল

গুগল অনলাইন সার্চ থেকে নিজেদের তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ করতে পারবেন ইউরোপিয়ানরা। ইউরোপিয়ান আদালতের রায় মেনে ‘রাইট টু বি ফরগটেন’ সেবা চালু করছে গুগল । গত মাসে আদালত জনগণের অসংগতিপূর্ণ তথ্য সার্চ থেকে মুছে ফেলতে গুগলকে আদেশ দেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩ মে ইউরোপিয়ান ইউনিয়ন আদালত এক রায়ে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত’ এবং ‘পুরোনো লিংক’ সার্চ রেজাল্ট থেকে নিজের কোনো অংশ মুছে ফেলতে চাইলে ব্যবহারকারীর অনুরোধ রাখতে গুগল বাধ্য থাকবে।
এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, লিংক কিংবা তথ্য মুছে দেওয়ার জন্য সব অনুরোধই বিবেচনা করে দেখবেন তারা। কেননা কোনো ব্যক্তির গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা তার অধিকার। সাধারণ নাগরিকদের তথ্য অধিকার জানার বিষয়টি নিশ্চিত করতেই এই সেবা দিচ্ছে গুগল। তবে এ সেবা পেতে হলে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনুরোধকারীকে। তা ছাড়া যে লিংকগুলো মুছে দিতে চান সেগুলো যাতে ভুয়া না হয় তার জন্য প্রমাণ হিসেবে ফটো আইডি দিতে হবে।
অনলাইন ফর্মে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা আপনার অনুরোধটি পর্যালোচনা করে দেখব এবং লিংক বা ডাটা মুছে দেবার আগে সেগুলো বেশি পুরোনো কিনা অথবা জনস্বার্থে এর কোনো প্রভাব আছে কি না তা খতিয়ে দেখা হবে।’
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের মাঝামাঝি সময় থেকে পুরোনো লিংক মুছে ফেলার বিষয়টি কার্যকর করতে পারে গুগল। ৩১ মে পর্যন্ত তথ্য মুছে ফেলার জন্য ১২ হাজারেরও বেশি অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি।