অনুষ্ঠানের ঝক্কি সামলাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে দেবে বিভিন্ন প্রতিষ্ঠান
বিয়ে ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে দেবে বিভিন্ন প্রতিষ্ঠান

বাংলাদেশে নাকি বারো মাসে তেরো পার্বণ। এর সঙ্গে বিয়েশাদির উৎসব যোগ করলে তো কথাই নেই। প্রতিদিন কোথাও না কোথাও উৎসবের বাজনা বাজছেই। বিয়ের নানা ঝক্কি-ঝামেলা এবং সব ধরনের খুঁটিনাটি দিক সামলাতে তাই পুরো দায়িত্ব কোনো অনুষ্ঠান ব্যবস্থাপনা (ইভেন্ট ম্যানেজমেন্ট) প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার চল খুব নতুনও নয়। তবে এখন আর অনুষ্ঠান ব্যবস্থাপনার ধারণা শুধু বিয়েশাদিতে সীমাবদ্ধ নেই। যেকোনো অনুষ্ঠান যেমন—জন্মদিন, বিয়েবার্ষিকী, অফিসের নানা আয়োজন, বন্ধুবান্ধবের পুনর্মিলনী ইত্যাদি কাজও তারা করে দিচ্ছে।

বিয়ের আয়োজন করে যেসব প্রতিষ্ঠান, তারা সাধারণত অন্যান্য আয়োজনও করে দিতে পারে। আবার কিছু প্রতিষ্ঠান আছে শুধু ব্যক্তিগত, অফিশিয়াল বা করপোরেট অনুষ্ঠানে কাজ করে। এশিয়াটিক থ্রিসিক্সটি, ক্রিয়েটো, অন্তর শোবিজ, ইভেন্ট প্লাস, মেকার, অক্ষর মিডিয়া, আয়াত ইভেন্টস, ইনফিনিটি, জলরঙ—এমন বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে ব্যক্তিগত ও করপোরেট আয়োজন নিয়ে। ক্রিয়েটোর ব্যবস্থাপক আলমগীর হোসাইন বললেন, ‘বিয়ের অনুষ্ঠান ছাড়াও জন্মদিন, বিবাহবার্ষিকী, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা, অফিসের নানা অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের বেশ চাহিদা রয়েছে। করপোরেট অনুষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ের অনুষ্ঠান পরিচালনার জন্য থাকছে আলাদা আয়োজন।

আলমগীর হোসাইন আরও জানান, অনুষ্ঠানটি কিসের এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী খরচ নির্ণয় করেন তাঁরা। যেমন কোনো পণ্যের প্রচারণার অনুষ্ঠান ১৫-২০ লাখ টাকা হয়ে থাকে। আবার জন্মদিন বা বার্ষিকীর অনুষ্ঠানগুলো পাঁচ লাখ থেকে শুরু করে ১০-১৫ লাখের মধ্যে আয়োজন করা যেতে পারে। আবার নির্দিষ্ট কিছু প্যাকেজের মধ্য থেকে গ্রাহক নিজের পছন্দেরটি বেছে নিতে পারেন। মূল কথা, কী কী সেবা দেওয়া হবে, তা নির্ভর করে গ্রাহকের প্রয়োজন অনুসারে এবং সেই হিসেবেই খরচ নির্ধারিত হয়।

অনুষ্ঠানের এক থেকে দেড় মাস আগেই এসব প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া ভালো। তাহলে খুঁটিনাটি নানা দিক খেয়াল রেখে কাজটা করা যাবে। এমনটাই বললেন অক্ষর মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রানা মাসুদ। আপনি তাদের কাছে কী চাচ্ছেন, ঠিক কী ধরনের সাজসজ্জা ও আয়োজন করতে চাচ্ছেন, আপনার অনুষ্ঠানে অতিথিদের বয়স, মানসিকতা ও সামাজিক অবস্থান কেমন, খাবার কী এবং কেমন হতে হবে—এসব বোঝাপড়াটা স্পষ্ট থাকতে হবে আয়োজক ও ব্যবস্থাপক দুজনের কাছেই। পুরো প্যাকেজের ঠিক কোন আয়োজনগুলো আপনি চান, কোনগুলো চান না, আপনার সাধ্য এবং সীমাবদ্ধতা, কর্মী হিসেবে যারা কাজ করছে, তাদের আলাদা পারিশ্রমিক দেওয়া হবে কি না—এ ধরনের ব্যাপারগুলো আগেই খোলাখুলি আলোচনা করে নিলে আয়োজনটা আরও গোছানো ও পরিপাটি হবে। অনুষ্ঠানে ডিজে থাকলে সেখানে কী ধরনের গান বাজানো হবে, কোনো অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে কি না, আলোকসজ্জা কেমন হবে, কোন শিল্পীকে আনা হবে—এসব কিছুই খোলাসা করে নেওয়া চাই। মূল কথা, আপনি ঠিক কী চাচ্ছেন, সে ব্যাপারে যেন বিন্দুমাত্র অস্পষ্টতা না থাকে।

পারিবারিক অথবা অফিসের যেকোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন নিচের সাইটগুলোতে

এশিয়াটিক থ্রিসিক্সটি: ওয়েব: www.asiaticevents.com

অক্ষর মিডিয়া

ওয়েব: media.akkhor.com

ক্রিয়েটো: ওয়েব: www.creatobd.com

অন্তর শোবিজ: ওয়েব: www.antarshowbiz.com

ইভেন্ট প্লাস: ওয়েব: eventplusbd.com

আয়াত ইভেন্টস:

ওয়েব: aayatevents.com/

জলরঙ: ওয়েব: facebook.com/ jalrangevents