অনেক মানুষের ইন্টারনেট ব্যবহারের সামর্থ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, বিশ্বের অনেক মানুষের ইন্টারনেট ব্যবহারের সামর্থ্য নেই। আর্থিক দৈন্যের কারণে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। গত সোমবার লন্ডনে তাঁর বার্ষিক কমনওয়েলথ দিবসের বার্তায় রানি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অনেক মানুষ আধুনিক টেলিযোগাযোগের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে পরস্পরের সঙ্গে যোগাযোগ করার সব বাধা নাটকীয়ভাবে দূর হয়েছে। এলিজাবেথ বলেন, মানুষ এখন মোবাইল ফোনের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছে। সুদূর হিমালয় পর্বতমালার চিকিত্সাকেন্দ্র, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের স্কুল, দক্ষিণ মেরুর গবেষণাকেন্দ্র বা আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যোগাযোগ করা এখন আর কোনো ব্যাপারই নয়। রানি বলেন, যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাপক ভূমিকা পালন করছে। কিন্তু সেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা কমনওয়েলথভুক্ত অনেক দেশের মানুষই পাচ্ছে না। তারা যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান