
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিটি বইয়ের জন্য লেখক-সম্পাদক মিলিয়ে আট-দশজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। পাঠ্যবইয়ে ভুলত্রুটি দেখে মনে হয়, এসব বিশিষ্টজনের অনেকেই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেননি। তবে শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘ ১৭ বছর পর এবার পরীক্ষামূলক সংস্করণ ছাপা হয়েছে। এটা করতে গিয়ে কিছুটা তাড়াহুড়া হয়েছে। যেসব ত্রুটিবিচ্যুতি আছে তা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সাড়ে তিন কোটি শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৭ কোটি বই বিনা মূল্যে বিতরণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে বেশি মনোযোগ দিয়েছে। কিন্তু বইয়ের ভুলত্রুটি ও অসংগতি যাদের দেখভাল করার কথা ছিল, তাঁরা সেটি পুরোপুরি করলে এমনটি হওয়ার কথা নয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এত দিন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারাই শিক্ষার্থীদের বই ঠিক করে দিয়ে আসছেন। কিন্তু পাঠ্যবইয়ে কী ধরনের লেখা থাকবে, কোন লেখা শিক্ষার্থী পছন্দ করে—সেসব বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া উচিত এবং সেই উদ্যোগ শুরু হয়েছে।