অন্তস্বত্তা ও নবজাতকের জন্য মুঠোফোনে স্বাস্থ্যসেবা
মুঠোফোনের মাধ্যমে অন্তস্বত্তা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে তথ্যসেবা দেওয়া হবে।এ জন্য গঠন করার হয়েছেমোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটারনাল অ্যাকশন (মামা)। এই উদ্যোগে যোগ দিয়েছে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড।গত ১৬ মে এই উদ্যোগের সমন্বয়ক ডি.নেটের সঙ্গে গ্রামীণফোনের একটি চুক্তি হয়েছে।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে ইয়ানসেন এবং ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প মামার অংশীদার। খবর বিজ্ঞপ্তির। মামা একটি আন্তর্জাতিক জোট, যার অধীনে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করে গর্ভবতী ও নবজাতক শিশুর স্বাস্থ্য উন্নয়নে একটি উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএসএইড বাংলাদেশে এই সেবা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর জোট গঠনে প্রধান ভূমিকা পালন করেছে। এর আগে গ্রামীণফোন ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ইউএসএইডের নিরাপদ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য প্রকল্পে সহায়তা দেয়। এ প্রকল্পের অধীনে দরিদ্র মা ও তাঁদের এক বছরের কম বয়সী শিশুদের ১৭ লাখ বার বিনা মূল্যে চিকিৎসা-সহায়তা দেওয়া হয়েছে। বর্তমান পর্যায়ে মামার অধীনে গর্ভবতী ও নতুন মায়েদের জানানোর জন্য অডিও এবং লিখিত বার্তা প্রেরণের জন্য একটি প্রযুক্তিগত ব্যবস্থা গঠন করা হবে। যা পরে সব টেলিযোগাযোগ নেটওয়ার্কে পাওয়া যাবে।