অন্ধকারে আলো দেবে ই-বুক
শীর্ষস্থানীয় ই-বুক নির্মাতা প্রতিষ্ঠান বার্নস অ্যান্ড নোবেল বৃহস্পতিবার নতুন সংস্করণের ‘নুক’ ই-বুক বাজারে উন্মুক্ত করেছে। নতুন এই ই-বুক অন্ধকারেও পড়া যাবে। কারণ, এই ই-বুকে অন্ধকারে উজ্জ্বল আলোর ছড়ানোর প্রযুক্তি যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ৬ ইঞ্চি মাপের ই-বুকটির দাম ১৩৯ ডলার। মাত্র ২০০ গ্রাম ওজনের নতুন নুক প্রসঙ্গে বার্নস অ্যান্ড নোবেলের দাবি, তাদের নুক ই-বুকটিই বাজারে সবচেয়ে হালকা ই-বুক রিডার। বার্নস অ্যান্ড নোবেল জানিয়েছে, অন্ধকারে পড়ার সুবিধার জন্য বাজারের অন্যান্য রিডারে ইলেকট্রনিক ইঙ্ক ব্যবহার করা হয় ও আলাদা করে বাতি কিনতে হয়। অন্যদিকে আইপ্যাডে রয়েছে ব্যাকলিট স্ক্রিন। বার্নস অ্যান্ড নোবেল কর্তৃপক্ষের দাবি, এলসিডি স্ক্রিনের তুলনায় নুকের নতুন রিডার কম আলো ছড়ায় ফলে বই পড়ার সময় পাশে কেউ ঘুমালেও তাঁর সমস্যা হয় না।ই-বুক রিডার বিক্রির দিক থেকে বার্নস অ্যান্ড নোবেলের প্রতিদ্বন্দ্বী হচ্ছে অনলাইন রিটেইলার আমাজন। বার্নস অ্যান্ড নোবেলের মতোই অন্ধকারে বই পড়ার প্রযুক্তি নিয়ে কাজ করছে আমাজন। শিগগিরই একই প্রযুক্তির ই-বুক রিডার বাজারে আনতে পারে আমাজন।