
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের চোখে আনন্দ এনে দিলেও দৃষ্টিহীন শিশু-কিশোরদের মনের অবস্থা কি আমরা ভেবে দেেখছি? সে ভাবনাটা ঠিকই ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংটনের সহকারী অধ্যাপক রাগিব হাসান। বাংলাদেশের মেধাবী এই শিক্ষকের একদল উদ্যোগী স্বেচ্ছাসেবক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তৈরি করে যাচ্ছেন ব্রেইল ও অডিও পাঠ্যবই। ‘বাংলা ব্রেইল’ নামে তাঁদের এ অনলাইন প্রকল্পটি জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলে আয়োজিত দ্য বেস্ট অব ব্লগস—ববস ২০১৪ প্রতিযোগিতায় সেরা উদ্ভাবন বিভাগে ‘জুরি’ এবং ‘পিপলস চয়েস’, দুটি পুরস্কারই পেয়েছে। ববসে আমাদের বিচরণ নতুন নয়৷ তবে একই বছর একই প্রকল্পের বিচারকদের বিচারে এবং জনপ্রিয়তার নিরিখে পুরস্কার পাওয়া আমাদের জন্য নতুন ঘটনা৷ বাংলা ব্রেইল পুরস্কার জিতেছে সেরা উদ্ভাবন বিভাগে৷ এ ছাড়া বাংলা ভাষায় গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ‘পিপলস চয়েস’ পুরস্কার জিতেছে নারী অধিকারবিষয়ক ওয়েবসাইট ‘উইমেন চ্যাপ্টার’ এবং বাংলা ভাষা বিভাগে ‘পিপলস চয়েস’ পেয়েছে সহজ ভাষায় বিজ্ঞান জানার ওয়েবসাইট ‘জিরো টু ইনফিনিটি’।
দ্য ববস প্রতিযোগিতার শুরু ২০০৪ সালে৷ বিশ্বব্যাপী সেরা অনলাইনভিত্তিক কাজগুলোকে পুরস্কৃত করা হচ্ছে এ প্রতিযোগিতায়৷ ছয়টি আন্তর্জাতিক বিভাগে এবং ১৪টি ভাষার প্রতিটিতে একটি করে পুরস্কার দেওয়া হয়৷ সেরা ব্লগ, সেরা উদ্ভাবন, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম, সেরা সৃজনশীল ও মৌলিক, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং গ্লোবাল মিডিয়া ফোরাম—এ ছয় বিভাগে বিচারকদের নির্বাচনে ‘জুরি’ এবং অনলাইনে পাঠকের ভোটে ‘পিপলস চয়েস’ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বাংলাসহ আরবি, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়—এ ১৪টি ভাষার প্রতিটিতে একটি করে পিপলস চয়েস পুরস্কারের প্রচলন রয়েছে। এ বছর ১৫৪টি মনোনীত প্রকল্পের মধ্যে বিজয়ীদের নির্বাচন করতে প্রায় ৭০ হাজার ভোট পড়ে।
বাংলা ব্রেইলের কথা
বাংলাদেশের একমাত্র সরকাির ব্রেইল ছাপাখানায় কারিগরি সীমাবদ্ধতা তো রয়েছেই, পাশাপাশি পাঠ্যবইয়ের ইউনিকোড সংস্করণ না থাকায় বছরের অর্ধেক পেরিয়ে গেলেও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের হাতে তাদের পড়ার উপযোগী বই তুলে দেওয়া সম্ভব হয়নি। এমন একটি খবরে রাগিব হাসান বেশ আলোড়িত হন। তিনি ভেবে দেখলেন, ইউনিকোডে রূপান্তর কঠিন কোনো কাজ নয়, যা দরকার তা হলো সবার অংশগ্রহণ। রাগিব জানান, ‘সরকাির পাঠ্যবইয়ের ইউনিকোড সংস্করণ তৈরির জন্য ফেসবুকে একটি গ্রুপ খুলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ভেবেছিলাম, ১০-১২ জন স্বেচ্ছাসেবক পেলে কাজগুলো এগিয়ে নেওয়া যাবে। কিন্তু অল্প সময়েই গ্রুপের সদস্যসংখ্যা হাজার ছাড়িয়ে গেল। এত দ্রুত সবাই সাড়া দেবে, আমি তা ভাবিনি।’
সেখানেই শুরু, শুরু হলো পথচলা। সব বয়সের, সব পেশার মানুষ সানন্দে কাজ করে গেছে। সেই সঙ্গে তৈরি হয়েছে অডিও বই। স্বেচ্ছাসেবকদের ঐকান্তিক চেষ্টা ছাড়া যা কখনোই সম্ভব ছিল না। এমনটাই বললেন রাগিব হাসান৷ রাগিব এখন চট্টগ্রামে অবস্থান করছেন৷ মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে৷ পুরস্কারের কথা তুলতেই বলতে থাকেন, ‘এই পুরস্কার আসলে বাংলা ব্রেইলের হাজারো কর্মী ও স্বেচ্ছাসেবকের সম্মিলিত অর্জন।’ পেশাগত ব্যস্ততা সত্ত্বেও যুক্তরাষ্ট্রপ্রবাসী সালওয়া মোস্তফা এবং ইশতিয়াক রউফ এ প্রকল্প সমন্বয়ে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন৷
বাংলাদেশের স্কুলগুলোতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০টি পাঠ্যবই আছে। এর মধ্যে ২৫টি বইয়ের ইউনিকোড সংস্করণ এবং অডিও বই তৈরির কাজ শেষ হয়েছে বাংলা ব্রেইল প্রকল্পে৷ কাজগুলো আরও দ্রুত এগিয়ে যাবে এমন আশা করেন রাগিব৷ ‘দ্য ববসের স্বীকৃতি পাওয়ায় আমাদের প্রচেষ্টা সম্পর্কে অনেক মানুষ জানবে, আমরা আরও কর্মী পাব।’ এমনই আশা তাঁর৷
ব্রেইল প্রিন্টার এবং কাগজের দাম বেশি হওয়ায় বিকল্প সাশ্রয়ী উপায় খোঁজা হচ্ছে বংলা ব্রেইলের পক্ষ থেকে। অডিও বই তৈরি সহজ হলেও তাতে অনেক ভুল থেকে যাচ্ছে। তাই দক্ষ কর্মী এবং নিরীক্ষক যেমন দরকার, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের হাতে বইগুলো পৌঁছে দিতে চাই সরকাির সহায়তা। দেশের ৫০ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে রেখে দেশ এগিয়ে যেতে পারে না—এমনভাবেই চিন্তা করেন বাংলা ব্রেইলের স্বেচ্ছাসেবকেরা৷ তাঁদের স্বপ্ন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া৷
ঠিকানা: www.banglabraille.org।
অনলাইন ভোটে বিজয়ী দুই উদ্যোগ
উইমেন চ্যাপ্টার
‘পরিবর্তনে নারী, সিদ্ধােন্ত সমান অংশীদার’—এ স্লোগান নিয়ে সুপ্রীতি ধর, আঙ্গুর নাহার ও লীনা হক নামের তিন কর্মজীবী নারীর চেষ্টায় যাত্রা শুরু হয় ‘উইমেন চ্যাপ্টার’ নামের এই ওয়েবসাইটের৷ বাংলাদেশসহ বিশ্বের সব নারীর সফলতার কথা স্থান পায় এতে৷ বিভিন্ন বিষয়ে নারীদের উৎসাহ ও সহায়তা দিতে কাজ করে যাচ্ছে উইমেন চ্যাপ্টার৷
ঠিকানা: womenchapter.com
জিরো টু ইনফিনিটি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দেশের মানুষের কাছে সহজ ভাষায় বিজ্ঞান উপস্থাপনের জন্য তৈরি করেন ‘জিরো টু ইনফিনিটি’ ওয়েবসাইট। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সহজ সমাধান যেমন আছে, নিজস্ব প্রশ্ন উপস্থাপন করে জ্ঞানের পিপাসা মেটানোর সুযোগও করে দিয়েছে ওয়েবসাইটটি। ঠিকানা: bn.zero2inf.com।