অন্ধের যষ্টি 'আইরনম্যান'

দৃষ্টিপ্রতিবন্ধী লোকজন চলাফেরার সহায় হিসেবে ব্যবহার করেন সাদাছড়ি। কিন্তু এভাবে তাঁরা প্রায়ই নানা ঝামেলায় পড়েন। তাঁদের সুবিধাজনক চলাফেরা ও স্বাভাবিক কার্যক্রমের সহায়তার জন্য মার্কিন গবেষকেরা এবার তৈরি করেছেন একটি বিশেষ পোশাক। এটি দৃষ্টিহীন ব্যক্তিকে চারপাশের অবস্থা সম্পর্কে তথ্য জানাবে স্পর্শের অনুভূতির মতো করে। আর তাহলে সাদাছড়ি বা অন্যের সাহায্য ছাড়াই চলতে পারবেন তাঁরা।
নিউইয়র্কের ট্যাকটাইল নেভিগেশন টুল নামের একটি প্রতিষ্ঠানের গবেষকেরা ওই বিশেষ পোশাক তৈরি করেছেন। তাঁরা যন্ত্রপাতি সন্নিবেশ করে একটি হাতাবিহীন জামা (ভেস্ট) এবং সংবেদী যন্ত্র বসানো টি-শার্টের সমন্বয় ঘটিয়েছেন। ‘আইরনম্যান’ নামের পোশাকটি তার আশপাশের কোনো বস্তু বা ব্যক্তির উপস্থিতিকে সংকেতে রূপান্তর করে স্পর্শের অনুভূতি আকারে কম্পনের মাধ্যমে প্রকাশ করে। নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ফেস্টিভ্যাল অব লাইট’ উৎসবে সম্প্রতি আইরনম্যানের প্রদর্শনী হয়েছে।
আইরনম্যান যন্ত্রে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তিগুলোর মধ্যে আছে লেজার রশ্মিভিত্তিক যন্ত্র, যা চালকবিহীন গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়। আরও আছে শ্রবণোত্তর তরঙ্গ সৃষ্টি এবং অবলোহিত রশ্মি (ইনফ্রারেড) এবং চৌম্বকক্ষেত্র তৈরির যন্ত্র। গবেষক দলের পরামর্শক এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির ল্যানগন মেডিকেল সেন্টারের চিকিৎসক জে আর রিজ্জো বলেন, তাঁরা এমন একটি যন্ত্রের পরিকল্পনা করেছিলেন, যা লোকজনের ভিড়েও একজন দৃষ্টিহীন ব্যক্তিকে পথ খুঁজে পেতে সহায়তা করবে। আইরনম্যান কেবল দৃষ্টিহীন ব্যক্তিদেরই নয়, নিরাপত্তাকর্মীদেরও সহায়ক হতে পারে।
আইরনম্যানের কার্যপদ্ধতি সম্পর্কে রিজ্জো বলেন, যন্ত্রটির মধ্যে থাকে কয়েক ধরনের শনাক্তকরণ ব্যবস্থা। ফলে এর সামনে কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান ধরা পড়ে। একে যন্ত্রের মধ্যে সংকেত হিসেবে রূপান্তর করে আইরনম্যানের কম্পন সৃষ্টিকারী অংশে পাঠানো হয়। ওই অংশে সৃষ্টি হয় মৃদু কম্পন, যা থেকে বোঝা যায় সামনে কিছু একটা আছে। আর বস্তু বা ব্যক্তির অবস্থান অনুযায়ী পোশাকের নির্দিষ্ট অংশে কম্পন সৃষ্টি হয়। ফলে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে বোঝা যায়। তবে দৃষ্টিহীন মানুষের মস্তিষ্কে বিষয়টি মানিয়ে নিতে কিছু সময় লাগবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণও প্রয়োজন হতে পারে।
ট্যাকটাইল নেভিগেশন টিম জানিয়েছে, ২০১৫ সালের শেষ অথবা ২০১৬ সালের শুরু নাগাদ এটি বাজারে আসতে পারে।
সূত্র: লাইভসায়েন্স