অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট করপোরেশনের আয়োজন ইমাজিন কাপের মূল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় মূল ভাগ তিনটি—সফটওয়্যার ডিজাইন, ফোনের জন্য গেম ডিজাইন ও এক্সবক্স/উইন্ডোজের জন্য গেম ডিজাইন। এ ছাড়া উইন্ডোজ আজুর, আইটি, কাইনেক্ট ফান ল্যাব, উইন্ডোজ ফোন, উইন্ডোজ মেট্রো স্টাইল অ্যাপ বিষয়ে আছে চ্যালেঞ্জ প্রতিযোগিতা।ডারলিং হারবারের কাছে সিডনি কনভেনশন সেন্টারে ইমাজিন কাপের দ্বিতীয় দিনে আজ থেকেই শুরু হবে প্রতিযোগিতা। আলাদা আলাদা বুথে প্রতিযোগী দলগুলো তাদের সফটওয়্যারনির্ভর প্রযুক্তি সমাধান তুলে ধরবে। ইমাজিন কাপের এই দশম আসরে ৭৫টি দেশের ১০৬টি দল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রতিযোগী আছে সফটওয়্যার ডিজাইন প্রতিযোগিতায়। ৭২টি দল এই বিভাগে অংশ নিচ্ছে। এই নিয়ে পরপর দুবার ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। সফটওয়্যার ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ইঞ্জিন’ দলটি এসেছে তাদের তৈরি ‘অন্নপূর্ণা’ সফটওয়্যার নিয়ে। ইঞ্জিনের দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ মাহমুদ প্রথম আলোকে বললেন, ‘বিভিন্ন এলাকার মাটির অবস্থা বুঝে বীজ ও সঠিক পরিমাণে সারের ব্যবহার নির্ধারণ করে দেয় এই সফটওয়্যার।’ ইতিমধ্যে বাংলাদেশের তিন হাজার গ্রামের মাটির পরীক্ষা করে একটা ডেটাবেইসও গড়ে তোলা হয়েছে। কোন মৌসুমে কোন ফসল ফলানো ভালো হবে, তাও বলে দেবে সফটওয়্যারটি। অন্নপূর্ণা ওয়েব এবং স্মার্টফোনভিত্তিক একটি প্রোগ্রাম। মাটির পরীক্ষার ফলাফল দিলে বীজ, সার ও নিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেবে স্বয়ংক্রিয়। অন্নপূর্ণার নির্মাতা দলের অন্য সদস্যরা হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মাহেনাজ চৌধুরী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আইমান কাদির সিদ্দিকী ও জুনায়েদ হাসান। মেন্টর হিসেবে আছেন ইমরোজ মোরসালিন। অন্নপূর্ণার সদস্যরা ইমাজিন কাপে ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী। বিচারকদের রায়ে পুরস্কার জেতার সম্ভাবনা আছে, তেমনি অনলাইন ভোটে পিপলস চয়েস পুরস্কার জেতারও আশা রয়েছে। অন্নপূর্ণাকে ভোট দেওয়া যাবে http://savehumanity.tk ঠিকানার ওয়েবসাইটে। ৯ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা ভোট গ্রহণ করা হবে। গতকাল দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে মাইক্রোসফট। এতে মাইক্রোসফটের ডেভেলপার অ্যান্ড প্ল্যাটফর্ম ইভানজালিজম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ওয়ালিদ আবু হাবদা বলেন, ইমাজিন কাপ শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা যাতে তাঁদের উদ্ভাবনী শক্তি দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা হতে পারেন, সে ব্যাপারে সহযোগিতা করার জন্যই এই উদ্যোগ। আগামী দিনের উদ্ভাবক বা উদ্যোক্তাদের জন্য মাইক্রোসফট তৈরি করছে উইন্ডোজ ইকো সিস্টেম। সম্মেলনে মাইক্রোসফট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিপ মারলো বলেন, ‘পৃথিবীতে মাত্র শুরু করেছে (স্টার্টআপ) এমন কোম্পানি আছে ৫০ হাজার। এদের দরকার অনুপ্রেরণা। মাইক্রোসফট সে কাজটিই করতে চায়।’ —পল্লব মোহাইমেন, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে