মাইক্রোসফটের আয়োজনে অনুষ্ঠেয় ইমাজিন কাপ-২০১২ বাংলাদেশ থেকে অংশ নেবে টিম ইঞ্জিন দল। এ দলের তৈরি মুঠোফোনের সাহায্যে কৃষককে জমির উপযুক্ততা অনুযায়ী আধুনিক ও উচ্চফলনশীল প্রজাতের বীজ ও সার সুপারিশ করতে সক্ষম অন্নপূর্ণা নামের সফটওয়্যারটি এবার বিশ্বের অন্যতম এ সফটওয়্যার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে। সফটওয়্যারটির মাধ্যমে মুঠোফোনের সাহায্যে একজন কৃষক অতিসহজেই পোকা, রোগব্যবস্থাপনাসহ উন্নতজাতের বীজ চাষাবাদের বিবিধ কার্যপ্রণালির তথ্যসেবা পেতে পারবেন। চার শিক্ষার্থীর অন্নপূর্ণা দলের দলনেতা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক খালিদ মাহামুদ বলেন, ‘এ প্রতিযোগিতায় ১০০টি দেশের প্রকল্পের মধ্যে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর জন্য ভোটে নির্বাচিত সেরা প্রকল্পের মধ্যে বাংলাদেশের প্রকল্পটির অবস্থান চতুর্থ। সফটওয়্যারটিকে ভোটের মাধ্যমে শীর্ষে আনতে পারলে বাংলাদেশের তরুণদের তৈরি সফটওয়্যার বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান জানান দেবে।’ ভোটের মাধ্যমে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে http://supportannapurna.sytes.net ঠিকানায় গিয়ে ভোট দিতে হবে। ভোট দেওয়ার শেষ তারিখ ৯ জুলাই। প্রতি ৩০ মিনিট পর পর একটি করে ভোট দেওয়া যাবে। ভোট বিষয়ে বিস্তারিত জানা যাবে www.youtube.com/user/annapurnaforall ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী