অন্য রকম নেতাদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী সংসদের সদস্যরা
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী সংসদের সদস্যরা

অন্য রকম ছাত্র সংসদ। কোনো রাজনৈতিক দলের ব্যানারে বা সরাসরি নির্বাচন করে করে তাঁরা নির্বাচিত হননি। এ ছাত্র সংসদের সদস্য হতে হলে টিউটোরিয়াল, মাসিক ও বার্ষিক পরীক্ষা দিয়ে প্রথম হয়ে সহসভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হতে হয়। শুধু পাঠ্যবই পড়ে নয়, সাহিত্য, সংগীত ও ক্রীড়াতেও পারদর্শিতা দেখাতে হয়। এভাবেই মেধার ভিত্তিতে ছাত্র সংসদের ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘মেধাবী যাঁরা’, ‘নেতা তাঁরা’—মূল প্রতিপাদ্য এটাই।
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজটিতে ১৮ বছর ধরে এ ধরনের ব্যতিক্রমী মেধাভিত্তিক ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। তাঁদের দেখে টাঙ্গাইলের আরও কয়েকটি কলেজে এ ধরনের ব্যতিক্রমী সংসদ চালু করার কথা জানা গেছে। ওই মেধাভিত্তিক ছাত্রী সংসদের কাজ রাজনীতি করা নয়, বরং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে উপবৃত্তির তালিকা করতে অধ্যক্ষকে সহায়তা করা। এ ছাড়া লেখাপড়ার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধান করতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষের সঙ্গে সমন্বয় করা। অন্যদিকে উত্ত্যক্ততা, বাল্যবিবাহ, আত্মহত্যা ইত্যাদির কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে এই ছাত্রী সংসদ।
স্নাতক শ্রেণীতে তিন বছরের কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রী সংসদের সহসভাপতি নির্বাচিত হন। অন্যদিকে উচ্চমাধ্যমিক শ্রেণীতে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রীড়ার ক্ষেত্রে সেরা নৈপুণ্যের অধিকারী ক্রীড়া সম্পাদক, সাহিত্যে (আবৃত্তি, বিতর্ক, সাধারণ জ্ঞান, অভিনয়) সেরা ছাত্রীটি সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক ক্ষেত্রে (গান, নাচ) সেরা ছাত্রী সাংস্কৃতিক সম্পাদক, আন্তক্রীড়ায় (ব্যাডমিন্টন, দাবা, ক্যারম) সেরা ছাত্রী মিলনায়তন সম্পাদক পদ অর্জন করেন।
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ ও ছাত্রী সংসদের সভাপতি রেনুবর রহমান বলেন, ‘আমাদের কলেজের ছাত্রী সংসদের গঠনতন্ত্রে লেখা আছে—কোনো সদস্য সরাসরি কলেজে রাজনৈতিক দলের সদস্য হিসেবে রাজনীতি করতে পারবে না। ছাত্রী সংসদের সদস্য হওয়ার জন্য ছাত্রীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে থাকে।’
ছাত্রী সংসদের সহসভাপতি সাবিনা আক্তার কলেজে ভর্তি হয়েই এ পদে আসার কথা ভাবতে থাকেন। তাই লেখাপড়াও চালান জোরেসোরে।তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফলাফল বের হলো। ইন্টারনেটে নম্বর বের করে দেখি, আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি। আমার স্বপ্ন পূরণ হলো। আমি সহসভাপতি হতে পেরেছি।’
এমন স্বপ্ন এই কলেজের সব ছাত্রীরই।