অন্য রকম বিরোধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচনা: গণতান্ত্রিক সরকারব্যবস্থায় বিরোধী দল বলতে এমন একটি দলকে বোঝায়, যারা ‘সরকার এটা করল কেন, ওটা করল না কেন’ ইত্যাদি পচা পচা কথা বলে সরকারকে প্যাঁচে ফেলার কায়দা বের করে! এককথায় বলতে গেলে বিরোধী দল হচ্ছে সরকারের রাজনৈতিক সতিন! তবে ‘অন্য রকম বিরোধী দল’ বলতে একটি সুইট, কিউট বিরোধী দলকে বোঝায়। ফেসবুকীয় ভাষায় বলতে গেলে এটা একটা ‘কিউটের ডিব্বা’ বিরোধী দল!

স্বরূপ: কিউটের ডিব্বা হোক আর বস্তাই হোক, বিরোধীদলীয় স্ট্যাটাস বজায় রাখার জন্য এই ধরনের দলেরও নাম বিরোধী দলই হয়! তবে এরা প্রথাগত বিরোধীদলীয় কাজকারবারকে বুড়ো, মধ্যমা, কনিষ্ঠা—সব আঙুল দেখিয়ে একটি শান্তিপ্রিয় বিরোধী ব্যবস্থা কায়েম করে! সরকারের সমালোচনা না করে বরং সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের উন্নয়নের গতিকে ধাই ধাই করে ত্বরান্বিত করে! অভিনব এই বিরোধী ব্যবস্থা একদিকে যেমন রাজনীতিতে প্রেম-প্রীতির সঞ্চার করে, তেমনি নিজেরাও নিরুপদ্রব, নির্ঝঞ্ঝাট জীবনযাপনের নিশ্চয়তা লাভে সক্ষম হয়।

উপকারিতা: নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে পৃথিবী আজ বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে। অথচ রাজনীতি রয়ে গেছে সেই আগের মতোই সেকেলে। অন্য রকম বিরোধী দল এ ক্ষেত্রে নিঃসন্দেহে একটি অভিনব উদ্ভাবন! বিরোধী দল বললেই যেমন হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও ইত্যাদি গা-শিউরানো কথা মনে হয়, এ ধরনের বিরোধী ব্যবস্থায় এমন পচা পচা জিনিস নেই। চারদিকে কেবল শান্তি আর শান্তি! কবির কথা অনুযায়ী, ভালোবাসা দিয়েই সবকিছু জয় করার পক্ষপাতী এরা। তা ছাড়া সরকারের সঙ্গে ঝগড়া-বিবাদ না করে একসঙ্গে মিলেমিশে কাজ করলে যে এক অবিস্মরণীয় গতিতে দেশ এগিয়ে যায়, তা একটু গালে হাত দিয়ে চিন্তা করলেই বোঝা যায়! এ ধরনের বিরোধী ব্যবস্থায় শান্তি, সম্প্রীতি তো আছেই, আছে প্রচুর নাটকীয়তা, হাস্যরস আর আনলিমিটেড বিনোদনের সুব্যবস্থা! কবির ভাষায়, ‘রাজনীতিতে নতুন ছল, অন্য রকম বিরোধী দল!’

অপকারিতা: ত্যাঁদড় জনগণের গালিগালাজই এই ধরনের বিরোধী ব্যবস্থার একমাত্র অপকারিতা! সরকারের সঙ্গে বিরোধী দলের দহরম-মহরম সম্পর্ক এরা একদমই সহ্য করতে পারে না। কারণ, জনগণ তো আর কিউট হয় না, হয় ‘এত্তগুলা’ ঈর্ষাকাতর!

উপসংহার: গণতান্ত্রিক সরকারব্যবস্থায় বলতে গেলে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে ‘অন্য রকম বিরোধী দল’ ব্যবস্থা। এদের কিউটপনায় এমনকি বিদেশিরাও আহ্লাদে গদগদ হয়ে বলে, ‘হাউ কিউট বিরোধী ডল!’ তাই অহেতুক সমালোচনায় মুখর না হয়ে আমাদের বরং ‘হেতুক’ সাধুবাদে মুখর হওয়া উচিত। জয়তু বিরোধী দল।