অপদার্থ ব্যক্তির বাজারসদাই

বাজারসদাই করার কাজে আমার অদক্ষতা, অপদার্থতা ও অজ্ঞানতা সীমাহীন পর্যায়ে। আমার যখন অতি অল্প বয়স, তখনই বাসার লোকজনের কাছে এই বৈশিষ্ট্য ধরা পড়ে। ফলে আমাকে অনেক দিন পর্যন্ত বাজারে যেতে হয়নি। কিন্তু কয়েক দিন আগে বাড়িতে কয়েকজন অতিথি আসবে দেখে মহামান্য স্ত্রী কর্তৃক আদিষ্ট হয়ে সুদীর্ঘ ফর্দ হাতে বাজারের পথে রওনা হলাম। বাড়ির কাছেই বিশাল দুটি বাজার হয়েছে। আধুনিক বাজার, মানে সুপার শপ।
ভেতরে শীতাতপনিয়ন্ত্রিত ঠান্ডা পরিবেশ। কাচঘেরা ঝকঝকে-তকতকে ফ্লোর। অতিকায় শেলফে থরে থরে জিনিসপত্র সাজানো। লুকানো স্পিকারে মৃদুলয়ে রবীন্দ্রসংগীত বাজছে। সবচেয়ে বড় কথা, বাজারের লোকজন অসম্ভব বিনয়ী, অমায়িক ও সহযোগিতাপ্রবণ। চোখাচোখি হওয়া মাত্র হাত তুলে বিনীত গলায় প্রথমে সালাম দেন। তারপর মধুর গলায় জানতে
চান, কী খুঁজছি।
আমি তাঁদের সহায়তায় অতি অল্প সময়ের মধ্যে ফর্দ মিলিয়ে মিলিয়ে জিনিসপত্র খুঁজে বের করে জড়ো করে ফেললাম। উদাহরণ: চামড়া ছাড়ানো মুরগি, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, আলু, পটোল, ডিম, শসা, পাউরুটি, হ্যান্ড-স্যানিটাইজার, শ্যাম্পু-কন্ডিশনার ইত্যাদি।
ফর্দে উল্লেখ ছিল না, কিন্তু পরে কাজে লাগতে পারে চিন্তা করে আরও কিছু জিনিসও কেনা হলো। উদাহরণ: মিক্সড জুস (এটা কিনে কুপন পূরণ করে বাক্সে জমা দিতে হয়। পরে লটারি হবে। লটারি জিতলে নাকি মালয়েশিয়া বেড়াতে নিয়ে যাবে), বিশেষ ধরনের সাবান (এটাতেও লটারি হবে, জিতলে পাওয়া যাবে হীরার আংটি), সুগন্ধি নারকেল তেল (এর কাজ মাথা ঠান্ডা রাখা, অতি জরুরি জিনিস), নতুন ধরনের আঠা (চেয়ার-টেবিলের কোনো অংশ খুলে গেলে এটা দিয়ে জোড়া লাগিয়ে ফেলা যায়), টিস্যুবক্স, ফয়েল পেপার, কিচেন টিস্যু, জিপারওয়ালা স্টোরেজ ব্যাগ (আমার স্ত্রীর কাছে এটি দারুণ সমাদৃত হওয়ার কথা), মাসালা-টি, মশা ও তেলাপোকা মারার বিশেষ ধরনের স্প্রে (৭০ শতাংশ ডিসকাউন্ট), দুটি কোন আইসক্রিম (একটা কিনলে খারাপ দেখায়, তাই দুটি) ইত্যাদি।
তালিকাভুক্ত পণ্যের মধ্যে কাঁচা মরিচের অংশটুকু বিস্তারিত বলা দরকার।
আমি সেলসম্যানকে বললাম, ‘ভাই, কাঁচা মরিচ দ্যান।’
‘কতটুকু দেব, স্যার?’
কাঁচা মরিচ কতটুকু নিলে ভালো দেখায়, সেটা আমার ধারণা ছিল না। আমি বললাম, ‘১০ কেজি দ্যান।’
সেলসম্যান আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে বড় বড় চোখ করে একবার তাকালেন। তারপর কোথা থেকে অতিকায় সাইজের একটা প্যাকেট নিয়ে এসে কাঁচা মরিচ ভরতে শুরু করলেন।
আমি এর আগে কাউকে প্যাকেটের মধ্যে কাঁচা মরিচ ভরতে দেখিনি। পুরো দৃশ্যটা আমার কাছে কোদাল দিয়ে মাটি কোপানোর কর্মযজ্ঞের দৃশ্যের মতো দেখাল।
আর ১০ কেজি কাঁচা মরিচ যে এত বিপুল পরিমাণে হয়, সেটাও আমার জানা ছিল না।
কাঁচা মরিচ খুবই হালকা জিনিস, কিন্তু ১০ কেজি কাঁচা মরিচ একসঙ্গে করার পর তা দেখতে যে এত বিশাল হয়, সেটা দেখার পর আমি একটু ভড়কে গেলাম। এত বিপুল পরিমাণ কাঁচা মরিচ ১০ সদস্যের একটা পরিবার পুরো বছর ধরে চেটেপুটে খেয়েও শেষ করতে পারবে না (তাদের প্রত্যেকের যদি নিয়মিত তিন বেলা মুঠি মুঠি কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস থেকে থাকে, তবুও), এমনকি নিজেদের চাহিদা মিটিয়ে পাড়া-প্রতিবেশীর মধ্যে বিতরণ করেও শেষ করা কঠিন। আমি আমার সন্দেহ মনের মধ্যে পুষে রাখলাম না। দ্রুত ফোন দিলাম মহামান্য স্ত্রীকে।
‘আচ্ছা, কাঁচা মরিচ কয় কেজি কিনব?’
সে টেলিফোনের ওপাশে থেকে রাগী রাগী গলায় বলল, ‘কয় কেজি কিনবা মানে? কেজি না, ১০০ গ্রাম কিনবা।’
আমি থতমত খেয়ে বললাম, ‘মাত্র ১০০ গ্রাম? আরেকটু বেশি কিনি?’
‘তোমার যা ইচ্ছা কেনো। তোমারে আজকে কাঁচা মরিচের ভর্তা আর স্যুপ বানায়ে দেব। খায়ো তুমি। আমি এখন ব্যস্ত, তোমার রংঢং শোনার টাইম নেই।’
আমি ফোন রেখে সেলসম্যানের দিকে তাকিয়ে বিগলিত গলায় বললাম, ‘ভাই, ১০ কেজি কিনতে মানা আছে। আপনি আড়াই শ গ্রাম দ্যান।’
আমি মোটামুটি নিশ্চিত ছিলাম, সেলসম্যান গম্ভীর হয়ে বলবে, ‘আড়াই শ গ্রাম বেচি না।’ কিংবা এতক্ষণ ১০ কেজি কাঁচা মরিচ প্যাকেট করতে বলে যে বেকুবি করেছি, সে জন্য অনেক রাগারাগি করবে।
কিন্তু বাস্তবে সে রকম হলো না। সেলসম্যান ছোট্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁচা মরিচগুলো আবার শেলফের যথাস্থানে ঢেলে দিয়ে ছোট আরেকটা প্যাকেট এনে দ্রুততার সঙ্গে আড়াই শ গ্রাম মেপে দিলেন।
বিল মিটিয়ে ফেরার সময় দেখি, সুপার শপের দারোয়ানটা পর্যন্ত অসম্ভব অমায়িক। আমাকে বাজারের ব্যাগ হাতে নিতেই দিলেন না। পারলে বাসার গেটে এনে পৌঁছে দেন। আমি ছোট্ট একটা সিদ্ধান্তে এলাম, এখন থেকে অবশ্যই নিয়মিত বাজার করব।
কিন্তু বাসায় ফেরার পর ছোট্ট একটু গন্ডগোল হয়ে গেল। আমার স্ত্রী সদাইপাতির সম্ভার দেখে কী কারণে কেন জানি মেজাজ ও গলার স্বর সপ্তদশে তুলে ফেলল। সে সময় তার উক্তিগুলো ছিল এ রকম: ‘আর যদি কোনো দিন তোমারে বাজারে পাঠাইছি!...এগুলা ঘোড়ার ডিম! কী আনছ?...এইটা কী কিনছ?...এটা কে কিনতে বলসে? উফ্...!’
ঢিসাং...ঢিসুম...ঠাং...ঠং...ঠুং...ঠাস ঠাস ঠাস... ধ্রিমাক...!
আমার আবারও বাজারে যাওয়া অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়ল।