অপেক্ষা ২২ সেপ্টেম্বরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি বিতর্কে যোগ দেওয়ার পথে মেরকেল ষ ছবি: এএফপি
টিভি বিতর্কে যোগ দেওয়ার পথে মেরকেল ষ ছবি: এএফপি

নির্বাচনের বাকি আছে আর মাত্র দুই দিন, কিন্তু ভোটারদের ২০ থেকে ৩০ শতাংশ মানুষ এখনো জানেন না রোববার তাঁরা কোন দলকে ভোট দেবেন। এই না-জানা ভোটারদের ভোটেই মূলত নির্ধারিত হবে, আগামী চার বছরের জন্য ক্ষমতায় কোন দল বা কোয়ালিশন সরকার জার্মানির ক্ষমতায় আসীন হবে।
জনসংখ্যায় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম, আট কোটি মানুষের দেশ জার্মানিতে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি। অর্থনীতিতে সবল আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃস্থানীয় দেশ হিসেবে ইউরোপে সবার দৃষ্টিই এখন জার্মানির নির্বাচনের দিকে। নির্বাচনে এবারও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল ও সোশ্যাল ডেমোক্রেটিক দল। এর বাইরে রয়েছে ছোট কোয়ালিশন সহযোগী পরিবেশবাদী গ্রিন পার্টি, লিবারেল বা ফ্রি ডেমোক্রেটিক দল, ব্যাভেরিয়া প্রদেশের ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন ও বাম দল। সম্প্রতি এদের সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের নতুন দল পিরাটেন। এই দলগুলো ছোট হলেও ক্ষমতার বলয়ে তারা সব সময় অনুঘটক হিসেবে কাজ করে।
আট বছর থেকে ক্ষমতাসীন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জনপ্রিয়তার তুঙ্গে এবং ইউরোপীয় ঐক্যসহ ইউরো মুদ্রার প্রসার ও বাজার ধরে রাখতে অগ্রগণ্য নেত্রী হিসেবে পরিচিত। কিন্তু জার্মানির বিপুলসংখ্যক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে মেরকেল-রাজনীতি কোনো সুফল বয়ে আনছে না। জার্মানির রক্ষণশীল, উচ্চবিত্ত ও শিল্পপতিদের স্বার্থকে প্রাধান্য দেওয়া দল হিসেবেই ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের পরিচিতি। অন্যদিকে, সোশ্যাল ডেমোক্রেটিকদের পরিচয় প্রগতিশীল, বুদ্ধিজীবী ও সাধারণ খেটে খাওয়া নাগরিকদের দল হিসেবে।
ইউরোপের বিভিন্ন বড় দেশ যখন রাষ্ট্রীয় বাজেট নিয়ন্ত্রণ ও পূর্বতন প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে, তখন জার্মানিতে পুঁজির বিস্তার, রপ্তানি খাতে আয় (রেকর্ড পরিমাণ), ক্রয়ক্ষমতা ও প্রবৃদ্ধির হার—সবই বাড়ছে। এককথায় জার্মানির অর্থনীতি ঈর্ষণীয়ভাবে এগোচ্ছে। কিন্তু এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এর সিংহভাগ সুফল পাচ্ছে দেশটির মাত্র ১০ শতাংশ মানুষ। জার্মানিতে এই মুহূর্তে দারিদ্র্যসীমার নিচে বাস করছে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল ও প্রধান বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দল তাদের নির্বাচনী ইশতেহারে নিজ নিজ প্রতিশ্রুতি ও অতীত সাফল্যের কথা প্রকাশ করেছে। ক্ষমতাসীনেরা গত বছরগুলোয় বিশ্বব্যাপী মন্দার মধ্যেও নিজেদের সবল অর্থনীতি ও রাজস্ব খাত এবং রপ্তানি খাতে ব্যাপক সাফল্যের কথা বলেছে। তারা বলছে, বেকারত্বের হার হ্রাস, শিল্পায়নে অগ্রগতির পাশাপাশি সরকারের দূরদৃষ্টি রাজনীতির বদৌলতে ইইউর অর্থনৈতিক মন্দাকবলিত দেশগুলোকে আর্থিক ঋণ দেওয়ার মাধ্যমে ইউরোপীয় ঐক্যকে আরও সুসংহত করা হয়েছে।
বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দল তাদের ইশতেহারে ক্ষমতাসীন সরকারকে অভিযুক্ত করে বলছে, আট বছর ধরে ক্ষমতায় থাকলেও ধনী আর গরিবদের কর প্রদানে অসামঞ্জস্য দূর, ন্যূনতম মজুরি বা অবসরভাতা, গৃহায়ণ সমস্যা ও গৃহায়ণ ভাতার ক্ষেত্রে পুরোনো সমস্যাগুলো নিয়ে চ্যান্সেলর মেরকেল কোনো সুরাহা করেননি। শিক্ষার ক্ষেত্রে নতুন কাঠামো, পরিবেশরক্ষা, ঝুঁকিপূর্ণ পারমাণবিক জ্বালানি বন্ধ করে বিকল্প জ্বালানির পথ খুঁজতেও তাঁরা ততটা উৎসাহী নন। চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক দলের চ্যান্সেলর পদপ্রার্থী অর্থনীতিতে পড়াশোনা করা পেয়ার স্টাইনব্রুক ২০০৫ সালে মেরকেলেরই নেতৃত্বাধীন বৃহৎ কোয়ালিশনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। একসময় নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে দল বা জার্মান জনগণ—কারও কাছেই তিনি ততটা জনপ্রিয় নন। পক্ষান্তরে, মেরকেল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের মতো রক্ষণশীল দলের সভাপতি হয়েও নানামুখী কর্মসূচি ও গত বছরগুলোয় প্রজ্ঞার সঙ্গে দেশ পরিচালনার কৃতিত্বে দলের বাইরেও ব্যাপকভাবে জনপ্রিয়।
জার্মানির রাজনীতিতে এবং নিজ দলে শক্ত ভিত গড়া এই বর্তমান চ্যান্সেলরকে নানা জনমত জরিপে সম্ভাব্য বিজয়ী মনে হলেও ক্ষমতাসীন কোয়ালিশন নিয়ে তিনি জিততে পারবেন কি না, তা নির্ভর করবে শরিক দল ফ্রি ডেমোক্রেটিক দলের ভোটপ্রাপ্তির ওপর। সে ক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরা ভবিষ্যতে আবারও জার্মানির বড় দুই দলের কোয়ালিশন সরকার অথবা ঐতিহ্য ভেঙে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিকদের সঙ্গে পরিবেশবাদী গ্রিন পার্টির কোয়ালিশনের সম্ভাবনার কথা বলেছেন। তবে আগামী চার বছরের জন্য জার্মানিতে কারা ক্ষমতায় আসীন হবে, তা দেখতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
সরাফ আহমেদ, হ্যানোভার, জার্মানি