অপ্রয়োজনীয় সরকারি ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকার পরিচালিত ৮২০টি ওয়েবসাইটের মধ্যে প্রায় ৬০০টি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। সে দেশের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফ্রান্সিস মাউদে সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। অর্থের অপচয় রোধের লক্ষ্যে অপ্রয়োজনীয় ও অনাকর্ষণীয় এসব সাইট বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এ রকম ৪৬টি ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাড়ে নয় কোটি ইউরো। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে এই সাইটগুলোর রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণের কাজে নিয়োজিত জনবলের পেছনে অতিরিক্ত আরও ৩ কোটি ইউরো খরচ হয়েছে।যুক্তরাজ্য সরকার পরিচালিত ওয়েবসাইটগুলোর মধ্যে বেশ কিছু সাইটের পরিচালন ব্যয় অত্যধিক। যেমন, www.uktradeinvest.gov.uk ও www.businesslink.gov.uk সাইট দুটিতে প্রবেশ করা প্রতি দর্শনার্থীর জন্য সরকারের ব্যয় হয় যথাক্রমে ১২৬০ ও ২৩০ টাকা। আবার, সরকার পরিচালিত আলুর চিপস বিষয়ক ওয়েবসাইট www.lovechips.co.uk সাধারণ মানুষের কাছে অনাকর্ষণীয় ও এতে অপ্রয়োজনীয় তথ্যের পরিমাণই বেশি। ফ্রান্সিস মাউদের ভাষায়, ‘অপ্রয়োজনীয় জিনিসের পৃষ্ঠপোষকতার দিন শেষ। সাধারণের কাছে উপযোগিতা নেই এমন সব সাইটের জন্য অর্থ খরচ একান্তই অপ্রয়োজনীয়। ওয়েবসাইটগুলোর মাধ্যমে সাধারণ মানুষজনকে আমরা সর্বোত্তম সেবাই দিতে চাই।’ উল্লেখ্য, যুক্তরাজ্যের সরকারি দপ্তরগুলোর প্রায় ১৬ শতাংশই তাদের দর্শনার্থীর সংখ্যা, ধরন ও সাইটের পরিচালন ব্যয় সম্পর্কে অবগত নয়। —ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস