
ফলসভায় সবার পরে এসে হাজির হলেন কাঁঠাল। সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে সম্মান জানাল! গত বছর এক ফলসভায় উঠে এসেছে, জাতীয় ফলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। জাতীয় ফল খাওয়ার সময় দাঁড়িয়ে সম্মান জানানোর জোর প্রস্তাব উঠেছিল সেবার! যা হোক, আজকের ফলসভা ডাকা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে!
আজকাল ফলের মধ্যে নানা রকম কেমিক্যাল মেশানো হয়। কিন্তু ফলসভায় আজ গ্রীষ্মের ফলগুলো তাদের কার কী ধরনের কেমিক্যাল দরকার, সে কথা খুলে বলবে। সব ফলের অনুরোধে সবার আগে কাঁঠালকে কিছু বলার প্রস্তাব করা হলো। কাঁঠাল অনেক চিন্তা করে বলল, ‘দেখেন, আমার ত্বক কত অমসৃণ। ত্বক সুন্দর না হওয়ায় সমাজে আমার কদর কম! দেখেন না আজ পর্যন্ত জাতীয় ফলের কোনো জুস বাজারে পাওয়া যায় না! তাই আমাকে এখন থেকে নিয়মিত ত্বক মসৃণ রাখার জন্য বডি লোশন মাখাতে হবে!’
আম এতক্ষণ চুপ ছিল। মুখটা কেমন বাংলার পাঁচের মতো দেখাচ্ছে। মুখ ভার রেখেই বলল, ‘সব ফলেই কেমিক্যাল থাকে, কিন্তু লোকজন শুধু আমার দিকেই সন্দেহের দৃষ্টিতে তাকায়! আমি থাকি গাছের মগডালে। টানা তিন মাস গরমের পুরো রোদ গায়ে লেগে লেগে আমার চেহারা নষ্ট হয়ে যায়। তাই আমার দাবি, ফরমালিন, কার্বাইড—এসব বাদ দিয়ে ছোটবেলা থেকে আমাকে সানস্ক্রিন মাখিয়ে দিতে হবে!’ আমকে মাঝপথে থামিয়ে জাম বলে উঠল, ‘আমাকে একটা বর্ণবাদী নাম দেওয়া হয়েছে। বলে “কালোজাম”, অথচ বাজারে তো সাদা জাম বলে কিছু নেই। তাই আমার দাবি, হয় আমাকে ছোটবেলা থেকে রং ফরসাকারী ক্রিম মাখাতে হবে, নয়তো শুধু জাম বলেই ডাকতে হবে! এসব বর্ণবাদী আচরণ আর সহ্য করা যায় না!’
জামের কথা শুনে জামরুল একটা ফিচলেমার্কা হাসি দিল। কাঁঠাল ব্যাপারটা দেখে বিরক্ত হয়ে জামরুলকে কিছু বলার সুযোগ না দিয়ে আনারসের কাছে চলে গেল। আনারস আবার কিছুটা বাচাল প্রকৃতির। সে প্রথমে বলতে শুরু করল, ‘আমি একমাত্র ফল, যার মাথায় একটা মুকুট আছে! অথচ গাছ থেকে কাটার পর সে মুকুটের আর যত্ন নেওয়া হয় না! তাই আমার দাবি, আমার মুকুটকে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে পরে কন্ডিশনার দিয়ে ধুয়ে রাখতে হবে।’
আনারসের দাবিটা একটু বাড়াবাড়ি মনে হলো কাঁঠালের কাছে। কিন্তু কিছু না বলে কাঁঠাল এবার লিচুর দিকে নজর দিল। লিচু বলল, ‘আমি আর কী বলব! আমি তো আসলে কাঁঠালের মিনি ভারসন। আমারও তো ত্বক খসখসে! আমিও চাই দামি ব্র্যান্ডের বডি লোশন দিয়ে আমার ত্বক সুন্দর ও মসৃণ করে রাখা হোক!’
এমন সময় হঠাৎ দমকা হাওয়াসহ ঝোড়ো বৃষ্টি শুরু হলো, ফলাবেশও সমাপ্ত ঘোষণা করা হলো মুহূর্তেই!