অফলাইনেও গুগল ম্যাপস

এখন গুগলের ম্যাপস সেবাটি ব্যবহার করতে হলে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। আশপাশের দোকান, রাস্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য অনুসন্ধানে ও ম্যাপ ব্যবহার করার এ সেবাটি চালু করছে গুগল। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা শুরুতেই এ সেবাটি পাবেন। আইফোন ব্যবহারকারীরা শিগগিরই এ সুবিধাটি পাবেন।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সময় আন্ডারগ্রাউন্ড পার্কিং, গ্যারেজ বা প্রত্যন্ত পার্কে গিয়ে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। অনেকে পথ হারিয়ে ফেলেন। অনেকে বিদেশে গিয়ে ইন্টারনেট খরচ কমাতে চান। সব মিলিয়ে এই ফিচারটি কাজে লাগবে। এটি যে অঞ্চলে ইন্টারনেটের গতি কম, তাদের বেশি কাজে লাগবে। তাদের কথা মাথায় রেখে গুগল অফলাইনে বা কম গতির ইন্টারনেটে ম্যাপস সেবাটি চালুর ঘোষণা দিয়েছে।
এ সেবাটি ব্যবহারের জন্য আগেভাগে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চলের ম্যাপসের ডেটাবেজ মোবাইলে সংরক্ষণ করে রাখতে হবে। এ জন্য গুগল ম্যাপসের নির্দিষ্ট অঞ্চলের তথ্য নির্বাচন করে তা সংরক্ষণ করে রাখতে হবে। ফাইল যত বড় হবে, দেখতে তত সুবিধা হবে। এটি মোবাইলে কতটুকু জায়গা আছে, তার ওপর নির্ভর করবে। একবার তথ্য ডাউনলোড হলে তা পরবর্তীতে অফলাইনে ব্যবহার করা যাবে। তবে আবার ওয়াই-ফাই সংযোগের আওতায় এলে গুগল ওই তথ্য স্বয়ংক্রিয় হালনাগাদ করতে শুরু করবে।