অফিসের জন্য ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তারা খুশি হবেন কি না, বোঝা যাচ্ছে না, তবে কর্মীরা যে খুশি হবেন তা প্রায় নিশ্চিত ফেসবুকের নতুন উদ্যোগে। অফিসে ব্যবহারের উপযোগী সংস্করণ চালু করছে ফেসবুক। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটটি এর নাম দিয়েছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’। তবে কর্মীদের কথা মাথায় রেখে নয়, মূলত ব্যবসা খাতে সামাজিক যোগাযোগের জায়গা বাড়াতে ফেসবুকের এমন উদ্যোগ।

নতুন এ সেবাটি অফিসে ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে। মূল ফেসবুকের আদলে হলেও এতে থাকবে বেশ কিছু পরিবর্তনও। তবে নিউজ ফিড, গ্রুপ ইত্যাদি ফেসবুকের মতোই থাকবে। এ সেবায় ব্যবহারকারীরা আলাদা ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে পারবেন। এক বছরের বেশি সময় ধরে ফেসবুক নতুন এ সেবাটি নিয়ে কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি চলছে এর নানাবিধ পরীক্ষা। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরিরত ব্যক্তিরাও বর্তমানে এ পরীক্ষামূলক সেবাটি ব্যবহার করছেন। ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে স্লেক ও ইয়ামমির নামের দুটি ওয়েবসাইট। এ তালিকায় ফেসবুকও যুক্ত হতে যাচ্ছে।
ফেসবুকের এমন উদ্যোগ অফিসে কিংবা ব্যবসায় সামাজিক যোগাযোগের মাধ্যমকে নতুনভাবে পরিচিত করে তুলতে পারে বলে মনে করছেন গবেষকেরা। তাঁদের মতে, এমনিতেই বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের কাছে বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে শীর্ষে আছে ফেসবুক। এখন আলাদা কিছু বৈশিষ্ট্য ও সুবিধা থাকলে সেটি ব্যবসা ও অফিসে কর্মরত ব্যক্তিদের মধ্যেও সাড়া জাগাবে।
—ফাইনান্সিয়াল টাইম ও দ্য নেক্সট ওয়েব