অবমুক্ত হলো নতুন আইফোন ৪ এস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অবমুক্ত হলো অ্যাপল ইনকরপোরেটেডের তৈরি নতুন আইফোন। আইফোন ৪ এস, না আইফোন ৫ আসছে—এ নিয়ে ছিল বেশ অনিশ্চয়তা। অবশেষে আগের চেয়ে শক্তিশালী এবং উন্নত সুবিধা নিয়ে এসেছে আইফোন ৪ এস মডেলের স্মার্টফোনটি। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের তৈরি সেরা এবং সর্বোচ্চ সফল পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে নতুন এ আইফোনটি। আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হলেও আইফোন ৪ এস বাজারে পাওয়া যাবে ১৪ অক্টোবর থেকে। শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানে পাওয়া যাবে নতুন আইফোনটি। যুক্তরাষ্ট্রে নতুন এ পণ্যটি বিপণন করবে এটিঅ্যান্ডটি, ভেরিজন ও স্প্রিন্ট।নতুন আইফোন ৪ এসে যুক্ত হয়েছে আরও উন্নত ক্যামেরা সুবিধা, যা হাই-রেজুলেশন সেন্সর যুক্ত এবং এর প্রসেসর আরও দ্রুতগতির করা হয়েছে, যাতে দারুণ সব অ্যাকশন গেমস খেলা যাবে খুব সহজেই। যুক্ত হয়েছে সিরি নামের ব্যক্তিগত সহকারীর মতো একটি বিশেষ প্রোগ্রাম, যা প্রতিদিন নিজের প্রয়োজনীয় কাজগুলো মনে করিয়ে দেবে তা-ও আবার কথা বলার মাধ্যমে। এ ছাড়া প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিশেষ একটি সফটওয়্যার, যার সাহায্যে ওয়্যারলেস সুবিধার মাধ্যমেই সিনক্রোনাইজ করা যাবে। এ ক্ষেত্রে লাগবে না কোনো ধরনের ম্যাক কিংবা উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে সংযোগ।অ্যাপলের নতুন প্রধান নির্বাহী টিম কুকের হাত ধরে বাজারে আসা আইফোন ৪ এস সিরিজের কালো ও সাদা রঙের তিনটি মডেল যথাক্রমে ১৬ গিগাবাইট ১৯৯, ৩২ গিগাবাইট ২৯৯ ও ৬৪ গিগাবাইট ৩৯৯ ডলারে বিক্রি করা হবে বলে জানা গেছে। রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সুবিধা। ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হবে আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৫ এবং আই ক্লাউড সেবা, যা নতুন এ ফোনে পাবেন ব্যবহারকারীরা। বাজারে আসার পরেই আইফোনের কয়েক লাখ ভক্ত তৈরি হয়েছে এবং বিক্রির পরিমাণও কয়েক লাখ ছাড়িয়েছে। তবে আইফোন ৫ না আসায় প্রযুক্তি-সংশ্লিষ্ট মহলে চলছে নানা আলোচনা। অনেক ব্যবহারকারী হতাশও হয়েছেন আইফোন ৫ না পেয়ে। তবে আইফোন ৫ নিয়ে অ্যাপল কাজ করছে বলে জানা গেছে, যাতে থাকবে আরও নানা চমক।—এপি অবলম্বনে কাজী আশফাক আলম