অবশেষে অরিয়নের উৎক্ষেপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান অরিয়ন গতকাল শুক্রবার ফ্লোরিডা উপকূলের কেপ ক্যানাভেরাল বিমানঘাঁটি থেকে প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। এই নভোযানে করে মহাকাশের গভীরে মঙ্গল গ্রহের মতো দূরত্বে ভবিষ্যতে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রতিকূল বাতাস ও রকেটের কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার অরিয়নের প্রথম উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল।
২৪ তলা ভবনের সমান উঁচু ডেলটা ফোর হেভি রকেটে করে প্রথম যাত্রায় পৃথিবীর কক্ষপথে সাড়ে চার ঘণ্টা আবর্তন করে মানুষবিহীন অরিয়ন। মহাকাশযানটির সুরক্ষাব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে অভিযান বাতিল করার সামর্থ্য যাচাই করতেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এতে ভবিষ্যতে মানুষ নিয়ে দূর মহাকাশে যাওয়া কতটুকু নিরাপদ হবে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে নাসা জানিয়েছে। রয়টার্স ও এএফপি।